লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় সীমান্তের শূন্যরেখা পেরিয়ে বাংলাদেশে প্রবেশের অভিযোগে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ রোববার (২১ ডিসেম্বর) ভোরে দহগ্রাম-আঙ্গরপোতা সীমান্তের ডাঙ্গাপাড়া এলাকায় সংশ্লিষ্ট বিওপির দায়িত্বাধীন পিলার ডিএএমপি ১/৭ এস-এর পাশেই এ ঘটনা ঘটে। আটক ব্যক্তি কনস্টেবল বেদ প্রকাশ। তিনি ভারতের অর্জুনবাড়ি ক্যাম্পে কর্মরত বলে জানিয়েছে বিজিবি।
স্থানীয়দের ভাষ্য, সীমান্ত এলাকায় গবাদিপশু পারাপার সংশ্লিষ্ট কিছু লোকজন জড়ো হলে বিএসএফ সদস্যরা তাদের ধাওয়া দেয়। ধাওয়ার এক পর্যায়ে অভিযুক্ত বিএসএফ সদস্য বাংলাদেশ অংশে প্রায় ৩০০ গজ ভেতরে ঢুকে একটি বাড়িতে প্রবেশ করেন। টহলরত বিজিবি টিম তখন তাকে আটক করে। বর্তমানে তিনি দহগ্রাম ৫১ বিজিবি ব্যাটালিয়নের হেফাজতে আছেন।
বিজিবির তথ্য অনুযায়ী, আঙ্গরপোতা বিওপির টহল দল তাকে আটক করে ক্যাম্পে নেয়। এ সময় তার কাছ থেকে একটি শটগান, দুই রাউন্ড গুলি, একটি ওয়্যারলেস সেট এবং একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, বিষয়টি নিয়ে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে যোগাযোগ চলছে এবং পরবর্তী করণীয় প্রক্রিয়াধীন। ৫১ বিজিবি ব্যাটালিয়নের সেক্টর কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল সেলিম আল দীন বলেন, বিএসএফের ঊর্ধ্বতন পর্যায়ে আলোচনা হচ্ছে, বিস্তারিত পরে জানানো হবে।