Skip to main content

Ridge Bangla

শেখ পরিবারের নামে থাকা ৫ স্থাপনার নাম পরিবর্তনের দাবি ডাকসুর

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শেখ পরিবারের সদস্যদের নামে থাকা পাঁচটি স্থাপনার নাম পরিবর্তনের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। একই সঙ্গে জুলাই অভ্যুত্থানের বিরোধিতাকারী শিক্ষক ও কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিও জানানো হয়েছে।

রোববার (২১ ডিসেম্বর) বিকেলে উপাচার্যের কার্যালয়ের প্রধান ফটক অবরোধ করে এই কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভ শেষে ডাকসুর পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সাইমা হক বিদিশার কাছে একটি স্মারকলিপি দেওয়া হয়।

এর আগে ডাকসুর নেতাকর্মীরা জানান, শেখ পরিবারের নামে বর্তমানে বিশ্ববিদ্যালয়ে দুটি হল, একটি হোস্টেল ও দুটি টাওয়ার রয়েছে। এসব স্থাপনা হলো শেখ মুজিবুর রহমান হল, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল, শেখ রাসেল টাওয়ার, বঙ্গবন্ধু টাওয়ার এবং সুলতানা কামাল হোস্টেল।

তাদের দাবি, শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে ‘শহীদ ওসমান হাদি হল’ এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম পরিবর্তন করে ‘বীর প্রতীক সেতারা বেগম হল’ করা হোক। শিক্ষার্থীদের মধ্যে এ বিষয়ে ঐকমত্য রয়েছে বলে দাবি করেন তারা।

বিক্ষোভ চলাকালে ডাকসু নেতারা ‘ফ্যাসিবাদের আইকন, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’, ‘ফ্যাসিবাদের ঠিকানা এই মাটিতে হবে না’, ‘আছে যত ফ্যাসিবাদ, করতে হবে উৎখাত’, ‘বাকশালের জনক কে, শেখ মুজিব’সহ নানা স্লোগান দেন।

This post was viewed: 122

আরো পড়ুন