Ridge Bangla

ধর্ম অবমাননার অভিযোগে ময়মনসিংহে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার ৭

ময়মনসিংহের ভালুকায় ধর্ম অবমাননার অভিযোগে দিপু চন্দ্র দাস (২৭) নামের এক শ্রমিককে পিটিয়ে হত্যার ঘটনায় সন্দেহভাজন সাতজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। আজ শনিবার (২০ ডিসেম্বর) র‌্যাব-১৪ এক অভিযানের মাধ্যমে তাদের আটক করে।

গ্রেপ্তারকৃতরা হলেন মো. লিমন সরকার (১৯), মো. তারেক হোসেন (১৯), মো. মানিক মিয়া (২০), এরশাদ আলী (৩৯), নিজুম উদ্দিন (২০), আলমগীর হোসেন (৩৮) ও মো. মিরাজ হোসেন আকন (৪৬)।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত ৯টার দিকে ভালুকার ডুবালিয়াপাড়া এলাকায় মহানবী (সা.) সম্পর্কে কটূক্তি করার অভিযোগে দিপু চন্দ্র দাসকে কারখানা থেকে বের করে একদল উত্তেজিত জনতা গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরবর্তীতে বিক্ষুব্ধ জনতা মরদেহটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে একটি গাছে ঝুলিয়ে অগ্নিসংযোগ করে, যা এলাকায় চরম উত্তেজনার সৃষ্টি করে।

র‌্যাব জানায়, ঘটনার পর থেকেই অভিযুক্তরা আত্মগোপনে ছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ময়মনসিংহের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের পরিবার বাদী হয়ে মামলা দায়ের করেছে। গ্রেপ্তারকৃতদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। অপরাধীদের বিচার নিশ্চিতে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে প্রশাসন।

This post was viewed: 21

আরো পড়ুন