Ridge Bangla

লক্ষ্মীপুরে বিএনপি নেতার বসতঘরে আগুন দিল সন্ত্রাসীরা, আট বছরের শিশুর মৃত্যু

লক্ষ্মীপুরের সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরমনসা গ্রামের সুতারগোপ্তা এলাকায় এক হৃদয়বিদারক অগ্নিকাণ্ডে বিএনপি নেতার আট বছরের কন্যা অগ্নিদগ্ধ হয়ে নিহত হয়েছে। শুক্রবার গভীর রাতে ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বেলাল চৌধুরীর টিনশেড বসতঘরে বাইরে থেকে তালা লাগিয়ে পেট্রোল ঢেলে আগুন দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে।

ঘটনার সময় ঘরের ভেতরে পরিবারের সদস্যরা ঘুমিয়ে ছিলেন। আগুনে বেলাল চৌধুরীর আট বছর বয়সী মেয়ে আয়েশা আক্তার সানজু ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনায় তার আরও দুই মেয়ে, সালমা আক্তার স্মৃতি (১৭) ও সামিয়া আক্তার বীথি (১৪), গুরুতর দগ্ধ হয়। আহত বেলাল চৌধুরীকে সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে, এবং গুরুতর আহত দুই মেয়েকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

নিহত আয়েশা স্থানীয় ফাইভস্টার স্কুল অ্যান্ড কলেজের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল। শনিবার বিকেলে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, আগুন লাগার পর দরজা ভেতর থেকে খুলতে না পেরে তারা জানালা ও টিনের ফাঁক দিয়ে বের হওয়ার চেষ্টা করেন। তবে একটি কক্ষে আটকে পড়া আয়েশাকে উদ্ধার করা সম্ভব হয়নি।

লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রঞ্জিত কুমার দাস জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ সময় এক শিশুর মরদেহ উদ্ধার করা হয় এবং তিনজনকে দগ্ধ অবস্থায় হাসপাতালে পাঠানো হয়।

This post was viewed: 54

আরো পড়ুন