বলিউডের দুই জনপ্রিয় তারকা ইমরান হাশমী ও নোরা ফাতেহি সম্প্রতি দুটি ভিন্ন দুর্ঘটনায় আহত হয়েছেন। দুজনেরই অবস্থা এখন স্থিতিশীল।
‘আওয়ারাপন-২’ ছবির শুটিংয়ের সময় ইমরান হাশমী একটি হাই-অকটেন অ্যাকশন দৃশ্যে মারাত্মকভাবে আহত হন। ঘটনায় তার পেটের টিস্যু ছিঁড়ে যায় এবং তাকে জরুরি অস্ত্রোপচার করাতে হাসপাতালে ভর্তি করা হয়।
আহত হওয়ার পরও ইমরান দ্রুত শুটিংয়ে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন। অপারেশনের পরই তিনি ছবির প্রতি দায়বদ্ধতা ও দর্শকদের কথা ভেবে রাজস্থানের শুটিং সেটে যোগ দেন। চিকিৎসকদের পরামর্শে তার অ্যাকশন দৃশ্যে কিছু সীমাবদ্ধতা আনা হয়েছে। তার এই নিষ্ঠা ও পেশাদারি মনোভাব পুরো ইউনিটকে অনুপ্রাণিত করেছে।
অন্যদিকে, শনিবার বিকেলে মুম্বাইয়ে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হন নৃত্যশিল্পী ও অভিনেত্রী নোরা ফাতেহি। তিনি ডিজে ডেভিড গেটারের কনসার্টে যাওয়ার পথে এক মদ্যপ চালকের গাড়ির ধাক্কা খান। গাড়ির জানালা ভেঙে তার মাথায় আঘাত লাগলেও তিনি বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পান।
দুর্ঘটনার পর নোরা সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, “এটি আরও ভয়াবহ হতে পারত, তবে আমি বেঁচে আছি এবং সুস্থ আছি। সৃষ্টিকর্তার কাছে আমি কৃতজ্ঞ।” তিনি তার পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী সানবার্ন ফেস্টিভ্যালে উপস্থিত হয়ে ডেভিড গেটারের সঙ্গে পারফর্ম করেন।
নোরা এই ঘটনাকে কেন্দ্র করে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন। তিনি বলেন, “২০২৫ সালেও যদি এমন ঘটনা ঘটে, তবে এটা অবিশ্বাস্য। দয়া করে কেউ মদ্যপান করে গাড়ি চালাবেন না।”
মুম্বাই পুলিশ জানিয়েছে, অভিযুক্ত চালককে চিহ্নিত করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
উভয় শিল্পীর ভক্ত ও সহকর্মীরা সামাজিক মাধ্যমে তাদের দ্রুত সুস্থতা ও নিরাপদে কাজে ফিরে আসার জন্য শুভকামনা জানাচ্ছেন। দুর্ঘটনায় আহত হওয়ার পরও তাদের পেশাদারি দায়িত্ববোধ ও সদিচ্ছা প্রশংসিত হচ্ছে।