Ridge Bangla

ফেনী-১ আসনে খালেদা জিয়ার পক্ষে বিএনপির মনোনয়নপত্র সংগ্রহ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফেনী-১ (পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া) আসনে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। রোববার (২১ ডিসেম্বর) বিকেলে ফেনী জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও পরশুরাম পৌরসভার সাবেক মেয়র আবু তালেব।

মনোনয়নপত্র সংগ্রহকালে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট ফরিদ উদ্দিন খান নয়ন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট পার্থ পাল চৌধুরী, জিয়া মঞ্চ ফেনী জেলা শাখার আহ্বায়ক অ্যাডভোকেট শাহজালাল ভূঁইয়া সবুজ, ছাগলনাইয়া উপজেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি জাফর হোসেন, ফুলগাজী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরুল হুদা শাহীন এবং জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক মনির আহাম্মদ সম্রাটসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র সংগ্রহ শেষে আবু তালেব সাংবাদিকদের বলেন, ফেনী-১ আসনে বিএনপি চেয়ারপারসনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহের মাধ্যমে নির্বাচনী কার্যক্রমের প্রাথমিক ধাপ সম্পন্ন হয়েছে। তিনি বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও মানুষের অধিকার প্রতিষ্ঠার প্রতীক। এই আসনের জনগণ তার নেতৃত্বে আবারও ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে শরিক হবে।

This post was viewed: 19

আরো পড়ুন