সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে সন্ত্রাসী হামলায় নিহত বাংলাদেশ সেনাবাহিনীর ছয়জন শান্তিরক্ষী সেনাসদস্যের জানাজা সম্পন্ন হয়েছে। রোববার (২১ ডিসেম্বর) সকালে ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে তাদের জানাজা অনুষ্ঠিত হয়।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, জানাজার আগে শহীদ সেনাসদস্যদের সংক্ষিপ্ত জীবনবৃত্তান্ত পাঠ করা হয়। পরে তাদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। জানাজা শেষে সেনাবাহিনীর পক্ষ থেকে তাদের প্রতি যথাযথ রাষ্ট্রীয় ও সামরিক সম্মান জানানো হয়।
শহীদ সেনাসদস্যরা হলেন করপোরাল মো. মাসুদ রানা, এএসসি (নাটোর), সৈনিক শামীম রেজা, বীর (রাজবাড়ী), সৈনিক মো. মমিনুল ইসলাম, বীর (কুড়িগ্রাম), সৈনিক শান্ত মণ্ডল, বীর (কুড়িগ্রাম), মেস ওয়েটার মোহাম্মদ জাহাঙ্গীর আলম (কিশোরগঞ্জ) এবং লন্ড্রি কর্মচারী মো. সবুজ মিয়া (গাইবান্ধা)।
রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে নিহতদের মরদেহ নিজ নিজ জেলায় পাঠানো হয়। হেলিকপ্টারের মাধ্যমে মরদেহ পরিবহন করে পারিবারিক কবরস্থানে যথাযথ সামরিক মর্যাদায় দাফন কার্যক্রম সম্পন্ন করা হবে বলে জানিয়েছে আইএসপিআর।
এর আগে শনিবার (২০ ডিসেম্বর) বেলা ১১টা ৫ মিনিটে নিহত ছয় শান্তিরক্ষীর মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। সেখানে বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম মরদেহ গ্রহণ করেন। এ সময় এক মিনিট নীরবতা পালন এবং সম্মানসূচক স্যালুট প্রদান করা হয়।
উল্লেখ্য, গত ১৩ ডিসেম্বর সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠীর ড্রোন হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ছয় শান্তিরক্ষী নিহত হন। এ ঘটনায় আরও নয়জন আহত হন। আহতদের মধ্যে আটজন বর্তমানে কেনিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং তাদের সবার অবস্থা আশঙ্কামুক্ত বলে জানিয়েছে আইএসপিআর।