ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির জানাজায় অংশ নিয়ে গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত জানাজায় তিনি বলেন, বাংলাদেশ যতদিন থাকবে, ততদিন শরিফ ওসমান হাদির মন্ত্র অমলিন থাকবে।
প্রধান উপদেষ্টা বলেন, ‘প্রিয় ওসমান হাদি, তোমাকে বিদায় দিতে আসিনি। তুমি আমাদের বুকের ভেতর আছো। তোমার আদর্শ ও মন্ত্র আমাদের কানে চিরদিন বাজবে।’ তিনি আরও বলেন, হাদির মানবপ্রেম, মানুষের সঙ্গে মিশে যাওয়ার ক্ষমতা ও রাজনৈতিক দৃষ্টিভঙ্গি জাতির জন্য অনুসরণীয় হয়ে থাকবে।
ড. ইউনূস বলেন, ‘তোমার মন্ত্র ছিল- “বল বীর, চির উন্নত মম শির।” আমাদের শির কখনো নত হবে না। এই মন্ত্রে আমরা দুনিয়ার কাছে মাথা নত করব না।’ তিনি উল্লেখ করেন, নির্বাচনী রাজনীতিতে মানুষের কাছে কীভাবে যেতে হয়, কীভাবে প্রচারণা চালাতে হয়, হাদি তা বাস্তবে দেখিয়ে গেছেন।
প্রধান উপদেষ্টা বলেন, ‘তুমি হারিয়ে যাবে না। কেউ তোমাকে ভুলতে পারবে না। আজ আমরা তোমার কাছে ওয়াদা করতে এসেছি, তুমি যা বলে গেছো, আমরা তা বাস্তবায়নের চেষ্টা করব। এই ওয়াদা শুধু আমার নয়, পুরো দেশের।’
এর আগে শনিবার সকালে শহীদ ওসমান হাদির মরদেহের ময়নাতদন্ত সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে সম্পন্ন হয়। পরে মরদেহ জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নেওয়া হয়। সেখানে গোসল ও কাফন শেষে সহযোদ্ধা ও সমর্থকদের অংশগ্রহণে মিছিলসহ মরদেহ আনা হয় মানিক মিয়া অ্যাভিনিউয়ে।