Ridge Bangla

ওসমান হাদির জানাজায় সংসদ ভবন এলাকায় জনসমুদ্র

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির জানাজাকে ঘিরে শনিবার জাতীয় সংসদ ভবন এলাকা পরিণত হয়েছে মানুষের ঢলে। রাজধানী ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন জেলা থেকে হাজারো মানুষ তার শেষ বিদায়ে অংশ নিতে সকাল থেকেই মানিক মিয়া অ্যাভিনিউ ও আশপাশের এলাকায় জড়ো হতে থাকেন।

শনিবার (২০ ডিসেম্বর) দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শহীদ ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ের অনেক আগেই এলাকায় জনস্রোত নামে। দীর্ঘক্ষণ অপেক্ষার পর সকাল সাড়ে ১০টার দিকে আইনশৃঙ্খলা বাহিনী সাধারণ জনতাকে দক্ষিণ প্লাজায় প্রবেশের অনুমতি দেয়। ভিড় সামাল দিতে প্রতিটি প্রবেশপথে কড়াকড়ি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। চীন থেকে আনা আটটি আর্চওয়ে গেট স্থাপন করে তল্লাশির মাধ্যমে মানুষকে প্রবেশ করানো হয়।

জানাজায় অংশ নিতে আসা অনেকেই বলেন, শহীদ হাদির জানাজা দেশের ইতিহাসে অন্যতম বৃহৎ গণজমায়েতে রূপ নিতে পারে। তারা মনে করেন, এটি শুধু একটি জানাজা নয়, বরং প্রতিবাদ ও শ্রদ্ধার প্রতীকী সমাবেশ।

যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুরো সংসদ ভবন এলাকা ঘিরে বাড়তি নিরাপত্তা ও নজরদারি জোরদার করা হয়েছে। পুলিশের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে রাখা হয়েছে।

শহীদ ওসমান হাদির জানাজার নামাজ পড়াবেন তার বড় ভাই আবু বকর সিদ্দিক। জানাজা শেষে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে তাকে দাফন করা হবে।

This post was viewed: 22

আরো পড়ুন