Ridge Bangla

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, শ্রমিকদের বিক্ষোভ

রবিবার (২১ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে পিএ নিট কম্পোজিট লিমিটেডের শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেন। এতে ঘণ্টাখানেক যান চলাচল বন্ধ থাকে।

জানা যায়, ঘটনাটি শুরু হয় গাজীপুর থেকে কারখানার নিজস্ব বাসে করে আসার পথে। একটি সৌখিন পরিবহনের বাস শ্রমিকবাহী গাড়িকে ধাক্কা দেয়। এতে শ্রমিকদের সঙ্গে বাস চালকের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। অভিযোগ অনুযায়ী, এক শ্রমিক আমিনুল বাসে উঠে চালকের সঙ্গে কথাকাটাকাটিতে জড়ান। একপর্যায়ে তাকে বাসের মধ্যে আটক করে বাসটি ময়মনসিংহের দিকে চলে যায়। এই ঘটনার প্রতিবাদে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেন।

অবরোধের সময় শ্রমিকরা অন্য যানবাহনের চলাচল বন্ধ রাখলেও সৌখিন পরিবহনের কয়েকটি বাস আটক রাখে। ঘণ্টাখানেক পর পরিস্থিতি স্বাভাবিক হয় এবং অন্য যানবাহন চলাচলের অনুমতি দেওয়া হয়। তবে শ্রমিক তুলে নেওয়ার অভিযোগের প্রেক্ষিতে সৌখিন পরিবহনের বাসগুলো এখনও আটক রয়েছে।

ভরাডোবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ এবিএম মেহেদী মাসুদ জানান, শ্রমিক তুলে নেওয়ার অভিযোগকে কেন্দ্র করে তারা মহাসড়ক অবরোধ করেন। এখন যান চলাচল স্বাভাবিক হলেও ধরে নেওয়া শ্রমিককে ফিরিয়ে আনার চেষ্টা চলছে।

শ্রমিকরা ঘটনার যথাযথ বিচার ও নিরাপত্তার দাবিতে মহাসড়ক অবরোধের মাধ্যমে তাদের ক্ষোভ প্রকাশ করেছেন। কারখানার প্রশাসনও বিষয়টি খতিয়ে দেখছে বলে জানা গেছে।

This post was viewed: 18

আরো পড়ুন