Ridge Bangla

ভরা মৌসুমেও চড়া সবজি, মাছ-মাংসের দামে নাভিশ্বাস

শীতের ভরা মৌসুমেও রাজধানীর কাঁচাবাজারে নিত্যপণ্যের দামে স্বস্তি মিলছে না। পর্যাপ্ত সরবরাহ থাকলেও সবজি, মাছ ও মাংসের উচ্চমূল্যে বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা। সংসারের নিত্যখরচ সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে মধ্যবিত্ত ও নিম্নআয়ের মানুষকে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) রাজধানীর বিভিন্ন কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, শীতকালীন সবজির কোনো ঘাটতি নেই। টমেটো, গাজর, শিম, ফুলকপি, বাঁধাকপি, শালগম ও মূলাসহ প্রায় সব সবজিই বাজারে সহজলভ্য। তবে দাম তুলনামূলক বেশি। বাজারভেদে টমেটোর কেজি ১০০ থেকে ১২০ টাকা, গাজর ও শিম ৮০ থেকে ১০০ টাকা, শালগম ৪০ থেকে ৫০ টাকা এবং মুলা ৩০ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে। ফুলকপি ও বাঁধাকপি প্রতিটি ৩০ থেকে ৬০ টাকায় পাওয়া যাচ্ছে। শাকের দামও কমেনি। পালংশাকের আঁটি ২০ টাকা এবং লালশাক ও মুলাশাক ১০ থেকে ১৫ টাকায় বিক্রি হচ্ছে।

মাছের বাজারেও চিত্র একই। রুই মাছের কেজি ৩০০ থেকে ৩৫০ টাকা, মৃগেল ২৫০ থেকে ৩০০ টাকা এবং শিং মাছ ৪০০ টাকার ওপরে বিক্রি হচ্ছে। চিংড়ির কেজি ৭৫০ থেকে ৯০০ টাকা পর্যন্ত উঠেছে।

মাংসের বাজারে গরুর মাংস কেজিপ্রতি ৭৮০ টাকা এবং খাসির মাংস ১ হাজার ১০০ টাকার বেশি দরে বিক্রি হচ্ছে। তুলনামূলকভাবে ব্রয়লার মুরগির দাম কিছুটা কমে ১৫০ থেকে ১৬০ টাকায় রয়েছে।

ক্রেতারা বলছেন, শীতের মৌসুমে দাম কমার কথা থাকলেও বাস্তবে উল্টো চিত্র দেখা যাচ্ছে। বিক্রেতারা জানান, পাইকারি দাম, পরিবহন ও শ্রমিক খরচ বাড়ায় খুচরা বাজারেও এর প্রভাব পড়ছে।

This post was viewed: 19

আরো পড়ুন