Ridge Bangla

সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত, বিক্ষোভে ট্রাফিক পুলিশ বক্সে ভাঙচুর ও অগ্নিসংযোগ

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যুকে কেন্দ্র করে শহরে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ক্ষুব্ধ জনতা ট্রাফিক পুলিশের বিরুদ্ধে বিক্ষোভে নেমে বিভিন্ন স্থানে ট্রাফিক পুলিশ বক্স ও একটি পুলিশ ফাঁড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে। এতে সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে থমথমে পরিস্থিতির সৃষ্টি হয়।

শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে সদর উপজেলার সার্কিট হাউস এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন পৌরসভার পোলাডাঙ্গা এলাকার শাহ আলুমের ছেলে রিফাত এবং জোড়বাগান এলাকার আশরাফুল ইসলামের ছেলে সোহাগ।

স্থানীয় সূত্রে জানা যায়, সার্কিট মোড় এলাকায় জেলা ট্রাফিক পুলিশের একটি চেকপোস্টে গাড়ির কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স যাচাই চলছিল। এ সময় মোটরসাইকেলে করে শহরের দিকে যাওয়ার পথে রিফাত ও সোহাগকে থামার সংকেত দেন ট্রাফিক পুলিশ সদস্যরা। তবে তারা থামার পরিবর্তে দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন। একপর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি স্লিপ করে মহাসড়কে চলাচলরত একটি ট্রাকের নিচে পড়ে যায়। ঘটনাস্থলেই রিফাতের মৃত্যু হয়। গুরুতর আহত সোহাগকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তারও মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ জনতা শহরের শান্তিমোড় ও বিশ্বরোড এলাকায় ট্রাফিক পুলিশ বক্স এবং একটি পুলিশ ফাঁড়িতে ভাঙচুর চালায়। এ সময় পুলিশের একটি মোটরসাইকেলসহ বিভিন্ন আসবাবপত্রে আগুন দেওয়া হয়। ফলে সোনামসজিদ–চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে কিছু সময় যান চলাচল বন্ধ থাকে।

This post was viewed: 32

আরো পড়ুন