সৌদি আরবের বিভিন্ন এলাকায় অনুমতি ছাড়া বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সংক্রান্ত সভা ও প্রচার-প্রচারণার ঘটনায় সতর্কতা জারি করেছে রিয়াদের বাংলাদেশ দূতাবাস। এ ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ইতোমধ্যে কয়েকজন বাংলাদেশি নাগরিককে আটক করেছে সৌদি কর্তৃপক্ষ।
বুধবার (১৭ ডিসেম্বর) রাতে রিয়াদের বাংলাদেশ দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে সৌদি আরবে অবস্থানরত সব বাংলাদেশি নাগরিককে সতর্ক করে।
এতে বলা হয়, সম্প্রতি ইসতেরাহা ও হলরুম ভাড়া করে, পাশাপাশি হোটেল-রেস্তোরাঁ কিংবা ব্যক্তিগত বাসাবাড়িতে বিভিন্ন সংগঠনের ব্যানারে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সভা-সমাবেশ আয়োজন করা হচ্ছে। একই সঙ্গে দলবদ্ধভাবে রাজনৈতিক প্রচার-প্রচারণা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অপরাধমূলক ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগও উঠেছে। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে সৌদি কর্তৃপক্ষ কয়েকজন বাংলাদেশিকে আটক করেছে।
এমতাবস্থায় সৌদি আরবে বসবাসরত সব প্রবাসী বাংলাদেশিকে দেশটির প্রচলিত আইন ও বিধিবিধান মেনে চলার আহ্বান জানিয়েছে দূতাবাস। সৌদি কর্তৃপক্ষের পূর্বানুমোদন ছাড়া কোনো ধরনের সভা-সমাবেশ আয়োজন, রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে অপরাধমূলক বা বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।