ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির প্রথম জানাজা সিঙ্গাপুরে অনুষ্ঠিত হচ্ছে না। যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে প্রয়োজনীয় অনুমোদন না পাওয়ায় জানাজার আয়োজন বাতিল করা হয়েছে বলে জানিয়েছে সিঙ্গাপুরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন।
আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) সকালে এক ফেসবুক বার্তায় হাইকমিশন জানায়, সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওসমান হাদি মারা গেলেও স্থানীয় কর্তৃপক্ষের অনুমতি না পাওয়ায় সেখানে তার জানাজা আয়োজন সম্ভব হচ্ছে না। এ সিদ্ধান্তে দুঃখ প্রকাশের পাশাপাশি প্রবাসীদের সিঙ্গাপুরের আইন ও বিধি মেনে চলার আহ্বান জানানো হয়।
এর আগে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছিল, হাদির প্রথম জানাজা সিঙ্গাপুরের দ্য আঙ্গুলিয়া মসজিদে অনুষ্ঠিত হবে। একই সঙ্গে তার মরদেহ বাংলাদেশ বিমানের একটি বাণিজ্যিক ফ্লাইটে ঢাকায় আনার পরিকল্পনার কথাও জানানো হয়েছিল। পরবর্তীতে বাংলাদেশে শনিবার বাদ জোহর মানিক মিয়া অ্যাভিনিউতে জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
উল্লেখ্য, চব্বিশের গণঅভ্যুত্থানের অন্যতম সম্মুখযোদ্ধা বিপ্লবী শরিফ ওসমান হাদি গত ১২ ডিসেম্বর বাদ জুম্মা ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তার নির্বাচনী প্রচারণায় থাকাকালীন সময়ে রাজনৈতিক সন্ত্রাসীদের দ্বারা গুলিবিদ্ধ হয়ে সাত দিন মৃত্যুর সঙ্গে লড়াই করার পর বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে সিঙ্গাপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তার মৃত্যুতে রাষ্ট্রপতি, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো শোক প্রকাশ করেছে।