Ridge Bangla

সীমান্ত সুরক্ষায় বিজিবি অতন্দ্র প্রহরী হিসেবে দায়িত্ব পালন করছে: প্রধান উপদেষ্টা

দেশের ভৌগোলিক অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্তে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান, মাদক পাচার এবং নারী ও শিশু পাচার রোধে বিজিবি নিরলসভাবে কাজ করছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) ‘বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দিবস–২০২৫’ উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এসব কথা বলেন। এতে বিজিবির সব সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান প্রধান উপদেষ্টা।

ড. ইউনূস বলেন, দেশের সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা, প্রাকৃতিক দুর্যোগসহ যেকোনো জরুরি পরিস্থিতিতে জনগণের জানমাল রক্ষায় বিজিবির ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়। বিশেষ করে জুলাই গণ-অভ্যুত্থানের পর উদ্ভূত পরিস্থিতিতে সীমান্ত উত্তেজনা মোকাবিলা, পুশইন রোধ এবং নানা নিরাপত্তা ঝুঁকি সামাল দিতে বিজিবি পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে।

তিনি আরও বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ এই অঞ্চলের সুদীর্ঘ ইতিহাস ও গৌরবময় ঐতিহ্যের ধারক ও বাহক। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বিজিবির অবদান ইতিহাসে উজ্জ্বল হয়ে আছে। এ বাহিনীর দু’জন বীরশ্রেষ্ঠসহ ১১৯ জন খেতাবপ্রাপ্ত এবং ৮১৭ শহীদের আত্মত্যাগ বিজিবির গৌরবকে মহিমান্বিত করেছে।

মুক্তিযুদ্ধ-পরবর্তী সময়ে দেশমাতৃকার কল্যাণে যেসব সদস্য বিভিন্ন সময়ে আত্মোৎসর্গ করেছেন, তাদের আত্মার শান্তি কামনা করেন প্রধান উপদেষ্টা। একই সঙ্গে বিজিবি দিবস–২০২৫ উপলক্ষে আয়োজিত সব কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করেন তিনি।

This post was viewed: 14

আরো পড়ুন