মহানবী হযরত মোহাম্মদ (সা.) নিয়ে কটূক্তি করার অভিযোগে ময়মনসিংহের ভালুকায় বিক্ষুব্ধ জনতার গণপিটুনির শিকার হয়ে প্রাণ হারিয়েছেন এক শ্রমিক।
গতকাল বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত ৯টার দিকে ভালুকার ডুবালিয়াপাড়া এলাকায় পাইওনিয়ার নিট কম্পোজিট কারখানায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ভালুকা মডেল থানার পরিদর্শক মো. আব্দুল মালেক।
নিহতের নাম দিপু চন্দ্র দাশ। তারাকান্দা উপজেলার রবি চন্দ্র দাশের ছেলে দিপু ওই কম্পোজিট কারখানার শ্রমিক ছিলেন।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় ক্ষুব্ধ জনতা নিহত দিপুর মরদেহ ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের পাশে নিয়ে আগুন ধরিয়ে দেয়। এ সময় মহাসড়কের দু’পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, কারখানায় কর্মরত এক শ্রমিক মহানবী (সা.) নিয়ে কটূক্তি করেছে- এমন অভিযোগ ওঠে। বিষয়টি জানাজানি হলে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে জনতার হাতে গুরুতর আহত হয়ে ওই যুবক ঘটনাস্থলেই নিহত হন।