Ridge Bangla

কৃষকের আলুক্ষেতে দুর্বৃত্তের তাণ্ডব, ৩০ শতাংশ জমির ফসল নষ্ট

মানিকগঞ্জের ঘিওর উপজেলায় এক কৃষকের আলুক্ষেতে দুর্বৃত্তদের নৃশংস হামলার ঘটনা ঘটেছে। রাতের আঁধারে ৩০ শতাংশ জমির আলুগাছ উপড়ে ফেলে প্রায় অর্ধলাখ টাকার ক্ষতি করা হয়েছে বলে অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্ত কৃষক। এ ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতের কোনো এক সময়ে ঘিওর উপজেলার সিংজুরী ইউনিয়নের দক্ষিণ নাটুয়াবাড়ি চক এলাকায়। শুক্রবার সকালে আলুক্ষেতে গিয়ে ধ্বংসযজ্ঞের চিত্র দেখে বিষয়টি প্রকাশ্যে আসে। ক্ষতিগ্রস্ত কৃষকের নাম সির্জন খলিফা।

সরেজমিনে দেখা যায়, আলুক্ষেতের গাছগুলো সম্পূর্ণ উপড়ে ফেলে মাঠজুড়ে ছড়িয়ে রাখা হয়েছে। গাছগুলোতে তখনই আলুর গুঁটি ধরতে শুরু করেছিল। এমন দৃশ্য দেখে কান্নায় ভেঙে পড়েন কৃষক সির্জন খলিফা। তিনি জানান, এনজিও থেকে ঋণ ও ধারদেনা করে এই আলুচাষ করেছিলেন। শত্রুতা থাকলেও ফসলের ওপর এমন আঘাত অমানবিক। তিনি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

কৃষকের জামাতা জিন্নাত আলী বলেন, সকালে ক্ষেতের দিকে তাকিয়েই ধ্বংসস্তূপ দেখতে পান তিনি। রাতের আঁধারে এমন কাজ করা কাপুরুষতার পরিচয় বলেও মন্তব্য করেন তিনি।

এ ঘটনায় স্থানীয় কৃষকদের মধ্যেও আতঙ্ক বিরাজ করছে। তারা বলছেন, ফসল নষ্টের মতো জঘন্য কাজ কৃষি ও কৃষকের জন্য বড় হুমকি।

উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা শারমিন আক্তার জানান, ঘটনাটি দুঃখজনক। বিষয়টি তদন্ত করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে এবং ক্ষতিগ্রস্ত কৃষককে সহায়তার সম্ভাবনাও খতিয়ে দেখা হবে।

This post was viewed: 17

আরো পড়ুন