Ridge Bangla

সহিংসতা ও উস্কানির বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান অন্তর্বর্তী সরকারের

দেশের চলমান পরিস্থিতিতে সব ধরনের সহিংসতা ও উস্কানির বিরুদ্ধে সতর্ক থাকার জন্য বাংলাদেশের নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার। একই সঙ্গে বিচ্ছিন্ন উগ্রগোষ্ঠীর মাধ্যমে সংঘটিত সহিংস কর্মকাণ্ড প্রত্যাখ্যান করে সংযম ও দায়িত্বশীলতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানানো হয়েছে।

শনিবার দুপুরে দেওয়া এক বিবৃতিতে অন্তর্বর্তী সরকার জানায়, সহিংসতা, ভীতি প্রদর্শন, অগ্নিসংযোগ এবং জানমাল ধ্বংসের যেকোনো কর্মকাণ্ড সরকার দৃঢ়ভাবে ও দ্ব্যর্থহীনভাবে নিন্দা করে। বিবৃতিতে বলা হয়, দেশের ইতিহাসের এই গুরুত্বপূর্ণ সময়ে বাংলাদেশ একটি গণতান্ত্রিক রূপান্তরের মধ্য দিয়ে এগোচ্ছে। কিছু বিচ্ছিন্ন গোষ্ঠীর বিশৃঙ্খল আচরণ যেন এই অগ্রযাত্রাকে ব্যাহত করতে না পারে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।

বিবৃতিতে আরও বলা হয়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট কেবল রাজনৈতিক কর্মসূচি নয়, বরং এটি একটি গুরুত্বপূর্ণ জাতীয় অঙ্গীকার। শহীদ শরিফ ওসমান হাদির আত্মত্যাগের প্রতি যথাযথ সম্মান জানাতে হলে ঘৃণা ও সহিংসতা পরিহার করে শান্তিপূর্ণ ও দায়িত্বশীল আচরণ জরুরি।

অন্তর্বর্তী সরকার সাম্প্রতিক সময়ে গণমাধ্যমকর্মীদের ওপর হামলার ঘটনাতেও উদ্বেগ প্রকাশ করে জানায়, সাংবাদিকদের ওপর আক্রমণ মানে সত্য ও স্বাধীন মতপ্রকাশের ওপর আঘাত। দ্য ডেইলি স্টার, প্রথম আলো ও নিউ এজ–এর সাংবাদিকদের প্রতি সংহতি জানিয়ে পূর্ণ ন্যায়বিচারের আশ্বাস দেওয়া হয়।

This post was viewed: 17

আরো পড়ুন