ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে হাদির মৃত্যুর খবর পাওয়ার পর এনসিপির মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে শোকবার্তা দেন। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, হাদি ছিলেন গণঅভ্যুত্থানের পর গঠিত জাতীয় নাগরিক কমিটির অন্যতম সদস্য। তিনি সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এনসিপি বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, হাদির অকাল প্রয়াণে দলের সকল স্তরের নেতাকর্মীরা গভীরভাবে শোকাহত। মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং তার শোকসন্তপ্ত পরিবার ও পরিজনের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে হাদির রাজনৈতিক ও সামাজিক অবদানের কথাও উল্লেখ করা হয়। বলা হয়, হাদি ছিলেন সাহসী ও নির্ভীক নেতা, যিনি সব সময় অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে দেশের গণতান্ত্রিক মূল্যবোধ ও সাধারণ মানুষের স্বার্থ রক্ষা করেছেন। তার রাজনৈতিক কর্মকাণ্ড ও নেতৃত্ব দেশের যুব সমাজে প্রতিরোধ ও পরিবর্তনের চেতনা জাগিয়ে তুলেছে।
এনসিপি নেতারা জানান, হাদির অকাল প্রয়াণ দেশের রাজনৈতিক ও সামাজিক পরিসরে এক অপূরণীয় ক্ষতি। দল ভবিষ্যতেও তার দেখানো পথ অনুসরণ করে গণতান্ত্রিক আন্দোলন ও ন্যায্য দাবির পক্ষে কাজ চালিয়ে যাবে।