গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানা এলাকায় সংঘবদ্ধ ছিনতাইয়ের অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১। বুধবার (১৭ ডিসেম্বর) রাতে অভিযানে স্টেশন রোড এলাকা থেকে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন মো. সোহেল মিয়া (২৪), মো. মামুন মিয়া (২৫), মো. হৃদয় মিয়া (২৫), আলামীন শেখ (২৪) ও মামুন হোসেন (২৪)। তারা সবাই টঙ্গী পূর্ব থানাধীন বিভিন্ন এলাকায় বসবাসকারী ও ভাড়াটিয়া বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
র্যাব জানায়, সম্প্রতি যাত্রী ও পথচারীদের লক্ষ্য করে সংঘবদ্ধ ছিনতাইয়ের ঘটনা বাড়তে থাকায় অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ নজরদারি জোরদার করা হয়। এর অংশ হিসেবে র্যাব-১ উত্তরা, ঢাকার একটি আভিযানিক দল বুধবার রাতে টঙ্গীর স্টেশন রোডে অভিযান চালায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা দলবদ্ধভাবে ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে র্যাব। পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।