Skip to main content

Ridge Bangla

প্রথম আলো ও ডেইলি স্টারের সব কার্যক্রম বন্ধ

রাজধানীতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার পর দেশের শীর্ষ দুই গণমাধ্যম প্রথম আলো ও দ্য ডেইলি স্টারের সব কার্যক্রম সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। নিরাপত্তাজনিত কারণে শুক্রবার কোনো পত্রিকাই প্রকাশ করা সম্ভব হচ্ছে না। একই সঙ্গে দুটি গণমাধ্যমের অনলাইন কার্যক্রমও প্রায় সম্পূর্ণভাবে স্থবির হয়ে পড়েছে।

বৃহস্পতিবার মধ্যরাতে বিবিসি বাংলাকে এ তথ্য নিশ্চিত করেন প্রথম আলো ও দ্য ডেইলি স্টারের শীর্ষ কর্মকর্তারা। তারা জানান, রাতের আকস্মিক হামলা ও অগ্নিকাণ্ডের পর কর্মীদের নিরাপত্তার কথা বিবেচনা করে সবাইকে দ্রুত কার্যালয় ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়। এর ফলে সংবাদ সংগ্রহ, সম্পাদনা, মুদ্রণ ও অনলাইন প্রকাশ- সব কার্যক্রমই বন্ধ হয়ে যায়।

এর আগে বৃহস্পতিবার রাত আনুমানিক ১২টার দিকে কয়েকশ বিক্ষুব্ধ ব্যক্তি প্রথমে দৈনিক প্রথম আলো এবং পরে দ্য ডেইলি স্টারের প্রধান কার্যালয়ে হামলা চালায়। প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা ভবনের ভেতরে ঢুকে ব্যাপক ভাঙচুর চালানোর পাশাপাশি অগ্নিসংযোগ করে। এ সময় দুই পত্রিকার বেশ কয়েকজন সাংবাদিক ও কর্মী ভবনের ভেতরে আটকা পড়েন।

পরিস্থিতি গুরুতর আকার ধারণ করলে সেনাবাহিনী, পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে হামলাকারীদের সরিয়ে দেন এবং এলাকা নিয়ন্ত্রণে নেন। পরে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে এবং ভবনের ভেতরে আটকে পড়া কর্মীদের নিরাপদে উদ্ধার করে।

হামলা ও অগ্নিকাণ্ডে অবকাঠামো ও কারিগরি ব্যবস্থাপনায় ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ ও নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পত্রিকা দুটির কার্যালয়ের সব কার্যক্রম বন্ধ থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

This post was viewed: 55

আরো পড়ুন