Ridge Bangla

ওসমান হাদির মৃত্যুতে শনিবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী শহিদ শরিফ ওসমান বিন হাদির মৃত্যুতে আগামী শনিবার (২০ ডিসেম্বর) একদিনের রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এ ঘোষণা দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

ভাষণে প্রধান উপদেষ্টা শহিদ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে বলেন, তার প্রয়াণ দেশের রাজনৈতিক ও গণতান্ত্রিক পরিসরে এক অপূরণীয় ক্ষতি। তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত স্ত্রী, একমাত্র সন্তান, পরিবার-পরিজন, স্বজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান। প্রধান উপদেষ্টা জানান, শহিদ ওসমান হাদির স্ত্রী ও সন্তানের সার্বিক দায়িত্ব সরকার গ্রহণ করবে।

রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে শনিবার দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি ভবন এবং বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।

এ ছাড়া শুক্রবার (১৯ ডিসেম্বর) বাদ জুম্মা দেশের সব মসজিদে শহিদ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হবে। একই সঙ্গে অন্যান্য ধর্মের উপাসনালয়গুলোতেও তার আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে বলে জানান তিনি।

ভাষণে অধ্যাপক ইউনূস সিঙ্গাপুর সরকারের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, সিঙ্গাপুর সরকার হাদির চিকিৎসায় সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারিত্ব দেখিয়েছে। বিশেষ করে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ড. ভিভিয়ান বালাকৃষ্ণান, যিনি নিজেও একজন চিকিৎসক, ব্যক্তিগতভাবে তার চিকিৎসার খোঁজখবর রেখেছেন। প্রধান উপদেষ্টা আরও জানান, এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সব অপরাধীকে দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে।

This post was viewed: 14

আরো পড়ুন