Ridge Bangla

নভেম্বরে সড়কে প্রাণহানি ৪৮৩ জনের

সারা দেশে গত নভেম্বর মাসে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৪৮৩ জন। একই সময়ে আহত হয়েছেন আরও ১ হাজার ৩১৭ জন। রোড সেফটি ফাউন্ডেশনের সাম্প্রতিক বিশ্লেষণে এ তথ্য উঠে এসেছে।

সংস্থাটি জাতীয় দৈনিক, অনলাইন নিউজ পোর্টাল, ইলেকট্রনিক মিডিয়া এবং নিজস্ব উৎস থেকে পাওয়া তথ্য যাচাই করে প্রতিবেদনটি প্রস্তুত করেছে বলে জানানো হয়েছে।

দুর্ঘটনায় নিহতদের মধ্যে মোটরসাইকেল চালক ও আরোহী ছিলেন সবচেয়ে বেশি, ১৯৪ জন। এছাড়া থ্রি-হুইলার দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৮৩ জনের। স্থানীয়ভাবে তৈরি যানবাহনে প্রাণ গেছে ৩১ জনের, বাসে ২৪ জনের এবং ট্রাক, কাভার্ডভ্যানসহ ভারী যানবাহনে ২২ জনের। প্রাইভেটকার ও মাইক্রোবাসে নিহত হয়েছেন ১৪ জন এবং রিকশা ও বাইসাইকেল আরোহী ৯ জন।

পরিসংখ্যান অনুযায়ী, সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে আঞ্চলিক সড়কে। এরপর রয়েছে জাতীয় মহাসড়ক, গ্রামীণ ও শহরের সড়ক। দুর্ঘটনার ধরন বিশ্লেষণে দেখা যায়, নিয়ন্ত্রণ হারিয়ে ঘটা দুর্ঘটনার সংখ্যা সর্বাধিক। এর পাশাপাশি মুখোমুখি সংঘর্ষ, পথচারীকে চাপা দেওয়া এবং পেছন থেকে ধাক্কার ঘটনাও রয়েছে।

বিভাগভিত্তিক হিসাবে ঢাকা বিভাগে দুর্ঘটনা ও প্রাণহানি সবচেয়ে বেশি। বিপরীতে সিলেট বিভাগে সর্বাপেক্ষা কম দুর্ঘটনার ঘটনা ঘটেছে। একক জেলা হিসেবে চট্টগ্রামে দুর্ঘটনার সংখ্যা সর্বোচ্চ হলেও শেরপুর ও পঞ্চগড়ে সবচেয়ে কম দুর্ঘটনার তথ্য পাওয়া গেছে।

This post was viewed: 17

আরো পড়ুন