Skip to main content

Ridge Bangla

রিজার্ভ বেড়ে ৩২.৪৮ বিলিয়ন ডলার

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে আবারও ইতিবাচক প্রবৃদ্ধি দেখা দিয়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্যানুযায়ী, দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩২ দশমিক ৪৮ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নির্দেশিত বিপিএম-৬ হিসাবপদ্ধতিতে রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ২৭ দশমিক ৮২ বিলিয়ন ডলার।

বুধবার (১৭ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, সাম্প্রতিক সময়ে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি, রপ্তানি আয় এবং বৈদেশিক লেনদেনে শৃঙ্খলা ফেরানোর ফলে রিজার্ভে এ ইতিবাচক প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, এর আগে গত বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দেশের গ্রস রিজার্ভ ছিল ৩২ দশমিক ১২ বিলিয়ন ডলার এবং বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভের পরিমাণ ছিল ২৭ দশমিক ৪৫ বিলিয়ন ডলার। মাত্র কয়েক দিনের ব্যবধানে রিজার্ভে এই বৃদ্ধিকে অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য স্বস্তিদায়ক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

এরও আগে, গত ৯ নভেম্বর এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) নভেম্বর মাসের বিল পরিশোধের পর দেশের বৈদেশিক মুদ্রার গ্রস রিজার্ভ নেমে এসেছিল ৩১ দশমিক ১৪ বিলিয়ন ডলারে। তখন আইএমএফের বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভের পরিমাণ ছিল ২৬ দশমিক ৪৪ বিলিয়ন ডলার। অর্থনীতিবিদরা বলছেন, ধারাবাহিকভাবে রিজার্ভ বাড়তে থাকলে আমদানি ব্যয় পরিশোধ, বৈদেশিক ঋণ পরিশোধ এবং মুদ্রাবাজারে স্থিতিশীলতা বজায় রাখা সহজ হবে।

This post was viewed: 50

আরো পড়ুন