Ridge Bangla

রেকর্ড মূল্য ৯ কোটি ২০ লাখে আইপিএলের কলকাতা নাইট রাইডার্সে মোস্তাফিজ

কাটার মাস্টার খ্যাত মোস্তাফিজুর রহমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) নিলামে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে নতুন রেকর্ড গড়েছেন। ক্যারিয়ারে নিজের সর্বোচ্চ দামে এবারের আইপিএলে দল পেয়েছেন এই বাঁ-হাতি পেসার। ২ কোটি রুপি ভিত্তিমূল্যের মোস্তাফিজকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে নিয়েছে শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স (কেকেআর), যা বাংলাদেশি টাকায় প্রায় ১২ কোটি ৩৩ লাখ টাকা। এটি আইপিএল নিলামে কোনো বাংলাদেশি ক্রিকেটারের জন্য সর্বোচ্চ মূল্য।

গত মৌসুমে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছিলেন মোস্তাফিজ। তখন তার মূল্য ছিল ৬ কোটি রুপি, আর এবার সেটি বেড়ে দাঁড়িয়েছে ৯ কোটি ২০ লাখে। এর মাধ্যমে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে আইপিএলে টানা দুই আসরে রেকর্ড সম্মানী পেলেন তিনি। নিলামে মোস্তাফিজের নাম উঠতেই ২ কোটি রুপি ভিত্তিমূল্যে তাকে দলে নিতে আগ্রহ দেখায় চেন্নাই। আইপিএল নিলামে তাকে ঘিরে আগ্রহ প্রত্যাশিত থাকলেও এবার তা মাত্রা ছাড়িয়ে যায়।

আবুধাবির নিলামে মোস্তাফিজকে দলে নেওয়ার জন্য রীতিমতো কাড়াকাড়ি পড়ে যায়। শুরুতে কলকাতা ও চেন্নাইয়ের মধ্যে দর হাঁকা শুরু হয়। শুরু থেকেই তাকে দলে নেওয়ার জন্য বিড করে কেকেআর এবং চেন্নাইয়ের সঙ্গে প্রতিযোগিতায় দাম বাড়াতে থাকে শাহরুখ খানের দল। মাঝপথে দিল্লি ক্যাপিটালস বিডে প্রবেশ করলেও দাম ৪ কোটির ওপরে উঠতেই ফ্র্যাঞ্চাইজিটি সরে যায়। শেষ পর্যন্ত কলকাতাই বাংলাদেশের তারকা এই বাঁ-হাতি পেসারকে রেকর্ড দামে দলে ভেড়ায়।

এর আগে ২০০৯ সালে মাশরাফি বিন মুর্তজাকে ৬ লাখ ডলারে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স। ডলার-রুপির বর্তমান বিনিময় মূল্যে যা প্রায় ৫ কোটি ৪৫ লাখ রুপি। মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান ও লিটন দাসের পর চতুর্থ বাংলাদেশি ক্রিকেটার হিসেবে কলকাতা নাইট রাইডার্সে খেলবেন মোস্তাফিজুর রহমান।

এ নিয়ে আইপিএলের ষষ্ঠ ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলতে যাচ্ছেন মোস্তাফিজ। এর আগে তিনি সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বাই ইন্ডিয়ানস, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস ও চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছেন। এর আগে ২০১৮ সালে মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে সর্বোচ্চ ২ কোটি ২০ লাখ রুপিতে খেলেছিলেন তিনি।

২০১৬ সালে আইপিএলে মোস্তাফিজের অভিষেক হয়। প্রথম মৌসুমে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলেই নজর কাড়েন তিনি। আইপিএলের উদীয়মান খেলোয়াড় নির্বাচিত হয়ে দলকে শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এবং সবার দৃষ্টি আকর্ষণ করেন। এরপর থেকে নিয়মিত আইপিএলে খেলছেন এই তারকা পেসার।

আইপিএলে অভিষেকের পর এখন পর্যন্ত ৬০ ম্যাচ খেলে ২৮.৪৪ গড়ে ও ৮.১৩ ইকোনমি রেটে ৬৫ উইকেট নিয়েছেন মোস্তাফিজ। ডেথ ওভারে তার কাটার ও নিয়ন্ত্রিত বোলিং আইপিএলে সবসময়ই আলাদা গুরুত্ব পেয়ে এসেছে।

উল্লেখ্য, এবারের আসরে সর্বোচ্চ রেকর্ড ২৫ কোটি রুপিতে অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ক্যামেরন গ্রিনকে দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স।

This post was viewed: 42

আরো পড়ুন