মহান বিজয় দিবসকে স্মরণীয় করে রাখতে পতাকা হাতে সর্বাধিক প্যারাট্রুপিং করে নতুন বিশ্বরেকর্ড গড়েছে বাংলাদেশ। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাজধানীর তেজগাঁও পুরোনো বিমানবন্দর সংলগ্ন প্যারেড গ্রাউন্ডে সশস্ত্র বাহিনীর উদ্যোগে এই ব্যতিক্রমী ও ঐতিহাসিক আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ‘টিম বাংলাদেশ’-এর ৫৪ জন দক্ষ প্যারাট্রুপার একযোগে প্যারাস্যুটিং প্রদর্শনীতে অংশ নেন। তারা আকাশ থেকে বাংলাদেশের লাল-সবুজের পতাকা হাতে অবতরণ করে বিশ্বে সর্বাধিক পতাকা বহনকারী প্যারাট্রুপিংয়ের রেকর্ড স্থাপন করেন। এর মাধ্যমে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশ নতুন এক গৌরবময় অধ্যায় যুক্ত করল। এই ঐতিহাসিক মুহূর্তের প্রত্যক্ষ সাক্ষী ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি অনুষ্ঠানে উপস্থিত থেকে সশস্ত্র বাহিনীর এই সৃজনশীল ও সাহসী উদ্যোগের প্রশংসা করেন।
বিজয় দিবসের আয়োজনে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সমন্বয়ে একটি বর্ণাঢ্য ফ্লাইপাস্ট মহড়া অনুষ্ঠিত হয়। আকাশে যুদ্ধবিমান, পরিবহন বিমান ও হেলিকপ্টারের নিখুঁত কৌশল প্রদর্শন দর্শনার্থীদের মুগ্ধ করে। বিশেষ করে বাংলাদেশ বিমানবাহিনীর শৈল্পিক উড্ডয়ন ও কৌশলগত মহড়া অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে। সশস্ত্র বাহিনী সূত্র জানায়, এই প্যারাট্রুপিং প্রদর্শনী শুধু একটি বিশ্বরেকর্ড নয়, বরং মুক্তিযুদ্ধের চেতনা, সাহস ও পেশাদারিত্বের প্রতীক। মহান বিজয় দিবসে এমন ব্যতিক্রমী আয়োজন দেশবাসীর মধ্যে গর্ব ও দেশপ্রেমের অনুভূতি আরও দৃঢ় করেছে।