চট্টগ্রামের বাকলিয়া থানাধীন নতুন ব্রিজ এলাকায় ঝুট ও ফোমের একটি গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (১৫ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে রাজাখালী খালের বেড়িবাঁধসংলগ্ন ভূতের গুদাম এলাকায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রামের নিয়ন্ত্রণ কক্ষ জানিয়েছে, আগুন নেভাতে প্রাথমিকভাবে চারটি ইউনিট মোতায়েন করা হয়েছে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় আরও কয়েকটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে পাঠানো হয়েছে। দাহ্য ঝুট ও ফোম থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিস সদস্যদের হিমশিম খেতে হচ্ছে।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন জানান, চাক্তাই রাজাখালী খালসংলগ্ন ঝুট ও ফোমের গুদামে আগুন লেগেছে। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত রয়েছে এবং সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। আগুনের উৎস এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে আগুনের কারণে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা নিরাপদ দূরত্বে সরে যান এবং ফায়ার সার্ভিসের কাজে সহযোগিতা করছেন।