Ridge Bangla

স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বিএনপি আপসহীন: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বিএনপি কখনো আপস করেনি, ভবিষ্যতেও করবে না। তিনি মন্তব্য করেন, ১৯৭১ সালে যারা স্বাধীনতার বিরোধিতা করেছিল, সেই শক্তিগুলো আজও নতুন করে মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে। তবে মুক্তিকামী, স্বাধীনতাকামী ও গণতন্ত্রকামী জনগণ তাদের সব ষড়যন্ত্র ব্যর্থ করে দেবে এবং দেশের স্বাধীনতা ও গণতন্ত্র অটুট রাখবে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়েই মুক্তিযুদ্ধের সূচনা হয় এবং দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রামের পর ১৬ ডিসেম্বর চূড়ান্ত বিজয় অর্জিত হয়। এই কারণে বিজয় দিবস বিএনপিসহ দেশের মানুষের কাছে গভীর তাৎপর্য বহন করে।

তিনি জানান, মহান বিজয় দিবসে দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা ও স্বাধীনতার ঘোষকের প্রতি শ্রদ্ধা জানাতেই তারা সমাধিস্থলে এসেছেন। এই পবিত্র স্থানে দাঁড়িয়ে তারা শপথ নিয়েছেন দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার সংগ্রাম এবং গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই অতীতের মতো ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, স্বাধীনতা ও গণতন্ত্রের সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা দেশনেত্রী বেগম খালেদা জিয়া বর্তমানে অসুস্থ। তিনি তার দ্রুত আরোগ্যের জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেন।

This post was viewed: 18

আরো পড়ুন