Ridge Bangla

পরাজিত ফ্যাসিস্ট শক্তির পুনরুত্থান আর সম্ভব নয়: প্রধান উপদেষ্টা

মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, পরাজিত ফ্যাসিস্ট শক্তি এ দেশের পবিত্র মাটিতে আর কখনো ফিরে আসতে পারবে না। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় দেওয়া ভাষণে তিনি দেশবাসীকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

প্রধান উপদেষ্টা বলেন, ১৯৭১ সালের এই দিনে নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ চূড়ান্ত বিজয় অর্জন করেছিল। লাখো শহিদের আত্মত্যাগের বিনিময়ে স্বাধীনতা ও লাল-সবুজের পতাকা এসেছে। সেই আত্মত্যাগের চেতনাকে ধারণ করেই দেশকে এগিয়ে নিতে হবে।

ড. মুহাম্মদ ইউনূস দেশবাসীর প্রতি সংযম বজায় রাখার আহ্বান জানিয়ে বলেন, অপপ্রচার ও গুজবে কান দেওয়া যাবে না। যারা দেশে অস্থিরতা সৃষ্টি করতে চায়, তাদের উদ্দেশ্য কখনো সফল হবে না। তিনি বলেন, পরাজিত ফ্যাসিস্ট শক্তি নানা কৌশলে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে, কিন্তু জনগণের ঐক্যই তাদের বিরুদ্ধে সবচেয়ে বড় প্রতিরোধ।

প্রধান উপদেষ্টা তার ভাষণে তরুণ সমাজের ভূমিকার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি বলেন, তরুণরাই দেশের সবচেয়ে বড় শক্তি। তরুণদের নিরাপত্তা নিশ্চিত করা গেলে দেশও নিরাপদ থাকবে। যারা দেশ ছেড়ে পালিয়েছে, তারা বুঝে গেছে যে নির্ভীক তরুণরাই তাদের পুনরুত্থানের পথে প্রধান বাধা।

নির্বাচনকে সামনে রেখে একটি মহল অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে বলে ড. মুহাম্মদ ইউনূস উল্লেখ করেন। তিনি বলেন, এসব অপতৎপরতা ব্যর্থ হবে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে জনগণই তাদের পূর্ণ অধিকার প্রতিষ্ঠা করবে এবং দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা আরও সুদৃঢ় হবে।

This post was viewed: 18

আরো পড়ুন