Ridge Bangla

সারাদেশে বিজিবির বিজয় দিবস উদযাপন

যথাযোগ্য মর্যাদা, শৃঙ্খলা ও উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস-২০২৫ উদযাপন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ঢাকার পিলখানাস্থ বিজিবি সদর দপ্তরসহ বাহিনীর সব রিজিয়ন, সেক্টর, প্রতিষ্ঠান ও ইউনিটে একযোগে দিনব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালিত হয়।

কর্মসূচির শুরুতেই সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে পিলখানাস্থ সদর দপ্তরসহ সারাদেশের সব বিজিবি স্থাপনায় জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর সাভারে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠানে অংশ নেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। সকাল ৭টা ৪৫ মিনিটে তিনি পিলখানায় অবস্থিত ‘সীমান্ত গৌরব’ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। এ সময় বিজিবির একটি চৌকস দল ‘গার্ড অব অনার’ প্রদান করে।

বিজয় দিবস উপলক্ষে পিলখানাসহ সারাদেশের সব ইউনিটে প্রীতিভোজের আয়োজন করা হয়। কেন্দ্রীয় প্রীতিভোজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবি মহাপরিচালক। পাশাপাশি সদর দপ্তরের কেন্দ্রীয় মসজিদসহ সব ইউনিটের মসজিদে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

দিবসটি উপলক্ষে বিজিবি সদস্য ও তাদের পরিবার এবং বিজিবি স্কুল-কলেজের শিক্ষার্থীদের জন্য মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শন, ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পিলখানাস্থ জাদুঘর ও চিড়িয়াখানা দিনভর বিনা টিকিটে উন্মুক্ত রাখা হয়। এছাড়া আলোকসজ্জা, ব্যানার-ফেস্টুন ও সংগীত পরিবেশনার মাধ্যমে সারাদেশে বিজয়ের আনন্দ ছড়িয়ে পড়ে।

This post was viewed: 20

আরো পড়ুন