Ridge Bangla

জাতীয় স্মৃতিসৌধে বিজয় দিবসে মানুষের ঢল

মহান বিজয় দিবস উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে নেমেছে সর্বস্তরের মানুষের ঢল। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ভোর থেকেই নারী, পুরুষ, শিশু ও বৃদ্ধ সব বয়সী মানুষের পদচারণায় মুখর হয়ে ওঠে স্মৃতিসৌধ এলাকা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজারো মানুষ ফুল হাতে বীর শহীদদের স্মরণে একাত্মতা প্রকাশ করেন।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পুষ্পস্তবক অর্পণের পর স্মৃতিসৌধ সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। এরপরই সারিবদ্ধভাবে মানুষ শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শুরু করেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জনসমাগম আরও বাড়ে। শীত উপেক্ষা করে পরিবার-পরিজন নিয়ে আসেন অনেকেই। শিশুদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো কেউ হাতে জাতীয় পতাকা, কেউ মুখে লাল-সবুজের রঙে আঁকা মানচিত্রে বিজয়ের আনন্দ প্রকাশ করে।

যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধারাও স্মৃতিসৌধে এসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। তাদের কপালে ও পোশাকে লাল-সবুজের উপস্থিতি আবেগঘন পরিবেশ সৃষ্টি করে। অনেক তরুণ-তরুণী মুক্তিযোদ্ধাদের সালাম জানিয়ে কুশল বিনিময় করেন।

এর আগে সকালে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। শ্রদ্ধা নিবেদনের সময় সেনা, নৌ ও বিমানবাহিনীর সমন্বয়ে গঠিত চৌকস দল রাষ্ট্রীয় অভিবাদন জানায়, বিউগলে বাজে করুণ সুর।

এদিকে মহান বিজয় দিবস উদযাপনের অংশ হিসেবে রাজধানীতে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তেজগাঁও পুরাতন বিমানবন্দরে সেনা, নৌ ও বিমানবাহিনীর ফ্লাই-পাস্ট ও বিশেষ ব্যান্ড শো আয়োজন করা হয়েছে। পাশাপাশি ‘টিম বাংলাদেশ’-এর ৫৪ জন প্যারাট্রুপার জাতীয় পতাকা বহন করে স্কাইডাইভ প্রদর্শনের মাধ্যমে নতুন গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছেন।

This post was viewed: 30

আরো পড়ুন