Ridge Bangla

রাজধানীতে মহান বিজয় দিবসে বর্ণিল আলোকসজ্জা

মহান বিজয় দিবস উপলক্ষে বর্ণিল সাজে সেজেছে রাজধানী ঢাকা।  সোমবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যা নামতেই নগরীর সরকারি-বেসরকারি ভবন, বাণিজ্যিক প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো লাল-সবুজ আলোয় ঝলমল করে ওঠে। গলি থেকে রাজপথ সর্বত্র ছড়িয়ে পড়ে বিজয়ের উৎসবমুখর আবহ।

লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত বিজয়ের এই দিন ঘিরে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় বিশেষ আলোকসজ্জা করা হয়। শিশু থেকে শুরু করে সব বয়সী মানুষের হাতে জাতীয় পতাকা দেখা যায়। অনেকেই বিজয়ের মুহূর্তগুলো স্মরণীয় করে রাখতে মোবাইল ফোনে ছবি ও ভিডিও ধারণ করেন।

বিজয়ের প্রথম প্রহরে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিশেষ উৎসবের আমেজ লক্ষ্য করা যায়। আতশবাজির ঝলকানিতে উজ্জ্বল হয়ে ওঠে আকাশ। ফানুস উড়িয়ে এবং কনসার্টের সুরে সুরে বিজয়ের আনন্দে মেতে ওঠেন শিক্ষার্থীরা। রাজু ভাস্কর্য চত্বরে নানা বয়সী মানুষের ভিড় জমে, যেখানে গান ও উচ্ছ্বাসে প্রকাশ পায় বিজয়ের অনুভূতি।

সরকারি স্থাপনার পাশাপাশি বেসরকারি ও ব্যক্তিগত প্রতিষ্ঠানগুলোও আলোকসজ্জার মাধ্যমে বিজয় উদযাপনে অংশ নেয়। লাল-সবুজের সঙ্গে নীল, হলুদ ও সাদা আলোয় সাজানো হয় নগরীর বিভিন্ন এলাকা। কোথাও আলোকসজ্জার মধ্য দিয়ে তুলে ধরা হয় মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ও স্বাধীনতার চেতনা।

This post was viewed: 34

আরো পড়ুন