Ridge Bangla

সহপাঠ কার্যক্রম পরিচালনায় নতুন নির্দেশনা মাউশির

দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও সহ-পাঠ্যক্রমিক কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) এক চিঠিতে এ সম্পর্কে বলা হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, সহ-পাঠ্যক্রমিক কার্যক্রম একাডেমিক শিক্ষার পরিপূরক হিসেবে শিক্ষার্থীদের সামগ্রিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একাডেমিক কার্যক্রমের পাশাপাশি সহ-পাঠ্যক্রমিক কার্যক্রমে অংশগ্রহণ করলে শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশ নিশ্চিত হবে। সেই লক্ষ্যে মাউশির আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানে সহ-পাঠ্যক্রমিক কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

সহ-পাঠ্যক্রমিক কার্যক্রমের মধ্যে ক্রীড়া প্রতিযোগিতা হিসেবে ফুটবল, ভলিবল, দাবা, ক্রিকেট ও দৌড় অন্তর্ভুক্ত রয়েছে। সহ-পাঠ্য কার্যক্রমে রয়েছে বক্তৃতা (বাংলা ও ইংরেজি), উপস্থিত বক্তৃতা, বিতর্ক (বাংলা ও ইংরেজি), কুইজ এবং দেয়ালিকা তৈরি।

সাংস্কৃতিক প্রতিযোগিতার আওতায় কোরআন তেলাওয়াত, হামদ ও নাত, নজরুল সঙ্গীত, রবীন্দ্র সঙ্গীত, লোকগীতি, আবৃত্তি, একক অভিনয়, নৃত্য এবং গ্রাফিতি অঙ্কন অন্তর্ভুক্ত থাকবে।

চিঠিতে বলা হয়, সহ-পাঠ্যক্রমিক কার্যক্রম জানুয়ারি থেকে শুরু হয়ে সারা বছর চলমান থাকবে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে হাউজভিত্তিক চারটি হাউজে সহ-পাঠ্যক্রমিক কার্যক্রম নির্ধারিত ক্লাস রুটিনের সঙ্গে সমন্বয় করে স্কুল ও কলেজে এসব কার্যক্রম গতিশীল করতে হবে।

সব প্রতিষ্ঠানপ্রধান উল্লিখিত সহ-পাঠ্যক্রমিক কার্যক্রম বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করবেন। সহ-পাঠ্যক্রমিক কার্যক্রমের অংশ হিসেবে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বয়েজ স্কাউট, রোভার স্কাউট, গার্ল গাইডস, বিজ্ঞান ক্লাব, বিতর্ক ক্লাব, স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা ক্লাবসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনায় যথাযথ গুরুত্ব দিতে হবে।

চিঠিতে আরও বলা হয়, শিক্ষাপ্রতিষ্ঠানপ্রধানরা একাডেমিক কার্যক্রমের সঙ্গে সমন্বয় করে সহ-পাঠ্যক্রমিক কার্যক্রমের একটি ক্যালেন্ডার ২৭ নভেম্বরের মধ্যে প্রণয়ন করবেন। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের শারীরিক শিক্ষা বিভাগ এসব সহ-পাঠ্যক্রমিক কার্যক্রম মনিটরিং করবে। উল্লিখিত কার্যক্রম পরিচালনা ও বাস্তবায়নের জন্য এই নির্দেশনা দেওয়া হয়েছে।

This post was viewed: 28

আরো পড়ুন