Ridge Bangla

রিমান্ডে যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান

গত বছর জুলাই-আগস্টে গণঅভ্যুত্থান চলাকালীন সময় রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় শিক্ষার্থী ইমরান হাসান হত্যা মামলায় যাত্রাবাড়ী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসানকে তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। পুলিশের পক্ষ থেকে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করা হলে আজ সোমবার (১৫ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইসমাইলের আদালত শুনানি শেষে এই আদেশ দেন।

আদালত প্রাঙ্গণে সরকার পক্ষের কৌঁসুলি ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন। তিনি বলেন, মামলার নথি অনুযায়ী গত বছর ৫ আগস্ট আন্দোলন চলাকালীন যাত্রাবাড়ী থানা এলাকায় গুলিতে গুরুতর আহত হন শিক্ষার্থী ইমরান হাসান। পরে হাসপাতালে নেওয়ার পর সন্ধ্যায় তিনি মারা যান। এ ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে গত বছরের ১ সেপ্টেম্বর একটি হত্যা মামলা দায়ের করা হয়।

প্রসঙ্গত, সাবেক ওসি আবুল হাসান জুলাই আন্দোলনে একাধিক সহিংসতা ও হত্যার ঘটনায় অভিযুক্ত। গত বছর ১৭ সেপ্টেম্বর কক্সবাজারের টেকনাফ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়ার পর থেকে তিনি সাকিব হাসান হত্যা মামলাসহ বিভিন্ন সহিংসতা সংক্রান্ত মামলায় একাধিকবার রিমান্ডে গেছেন। এর আগে আরেক শিক্ষার্থী মঞ্জুরুল আলম জিসানকে হত্যাচেষ্টা মামলায় চলতি বছরের এপ্রিল মাসে তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছিল।

This post was viewed: 39

আরো পড়ুন