বিশ্বের দূষিত শহরের তালিকায় আবারও শীর্ষে উঠে এসেছে ভারতের রাজধানী দিল্লি। সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষক সংস্থা আইকিউএয়ারের সূচক অনুযায়ী শহরটির বায়ুমান স্কোর দাঁড়িয়েছে ৩১৬, যা ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে বিবেচিত।
বাংলাদেশের রাজধানী ঢাকা রয়েছে তালিকার নবম স্থানে। সোমবার (১৫ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় প্রকাশিত আইকিউএয়ারের প্রতিবেদন অনুযায়ী ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর দাঁড়িয়েছে ১৫৫, যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত।
দূষণের তালিকায় দ্বিতীয় অবস্থানে আছে পাকিস্তানের করাচি (স্কোর ২১৩), তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর (স্কোর ১৯৬)। এছাড়া চতুর্থ স্থানে রয়েছে কুয়েতের রাজধানী কুয়েত সিটি, যার স্কোর ১৮৩ এবং ১৭১ স্কোর নিয়ে তালিকার ৫ নম্বরে অবস্থান করছে ভারতের কলকাতা।
আইকিউএয়ার বিশ্বব্যাপী বিভিন্ন শহরের বাতাসের মান তাৎক্ষণিকভাবে প্রকাশ করে থাকে। তাদের মানদণ্ড অনুযায়ী ০–৫০ ভালো, ৫১–১০০ মাঝারি বা সহনীয়, ১০১–১৫০ সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর, ১৫১–২০০ অস্বাস্থ্যকর, ২০১–৩০০ খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১ এর অধিক দুর্যোগপূর্ণ।