Ridge Bangla

কুড়িগ্রামে মহিষ চুরি করে পালানোর সময় আটক ৩ জন

কুড়িগ্রামের উলিপুর উপজেলার দুর্গম চরাঞ্চলে মহিষ চুরির ঘটনায় তিনজনকে আটক করেছে স্থানীয় জনতা। পরে পুলিশ তাদের হেফাজতে নেয়। এ সময় চুরি হওয়া চারটি মহিষও উদ্ধার করা হয়।

গতকাল রোববার (১৪ ডিসেম্বর) সকালে সাহেবের আলগা ইউনিয়নের চর দুর্গাপুর এলাকায় এ ঘটনা ঘটে। পরে নামাজের চর পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আটক ব্যক্তিদের গ্রেপ্তার দেখান।

পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন উলিপুর উপজেলার ধামশ্রেণি ইউনিয়নের কাশিয়াগাড়ি গ্রামের আশরাফুল ইসলাম ওরফে রফিক (২৬), হাতিয়া ইউনিয়নের বগাপাড়া গ্রামের মিলন মিয়া ওরফে আনিছুর (২৬) এবং চিলমারী উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের কাঁচকোল সড়কটারী গ্রামের রেজাউল করিম (২৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, চর দুর্গাপুর গ্রামের সিদ্দিক শেখের গোয়ালঘর থেকে চারটি মহিষ চুরি হয়। ঘটনার পর পরিবারের সদস্যরা ও আশপাশের লোকজন মহিষগুলোর সন্ধানে তল্লাশি শুরু করেন। একপর্যায়ে সকাল আনুমানিক ৯টার দিকে নদীর ঘাটে একটি নৌকায় মহিষ তুলতে দেখে সন্দেহ হয় স্থানীয়দের। জিজ্ঞাসাবাদের সময় সন্তোষজনক উত্তর না পাওয়ায় তাদের আটক করা হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মহিষসহ আটক তিনজনকে নিজেদের হেফাজতে নেয়। উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক জানান, এ ঘটনায় একটি মামলা দায়ের করে গ্রেপ্তারকৃতদের কারাগারে পাঠানো হয়েছে।

This post was viewed: 28

আরো পড়ুন