ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ উসমান হাদির ওপর সশস্ত্র হামলাকে ‘প্রকৃতপক্ষে বাংলাদেশের ওপর হামলা’ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ চৌধুরী। তিনি বলেছেন, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; বরং নির্বাচন ও গণতান্ত্রিক অগ্রযাত্রাকে ব্যাহত করার একটি সুপরিকল্পিত প্রচেষ্টা।
শনিবার (১৩ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। সালাহউদ্দিন আহমেদ বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার পরদিনই একজন সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থীর ওপর হামলা হয়েছে। হামলার ধরন দেখে স্পষ্ট, এটি পেশাদারভাবে সংঘটিত। যারা বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায় না, তারাই এ ধরনের ঘটনা ঘটাচ্ছে।
তিনি বলেন, রাজনৈতিক মতভেদ ও বিতর্ক গণতন্ত্রের স্বাভাবিক ধারা। তবে ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য যেন কোনোভাবেই বিনষ্ট না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। ঐক্য অটুট থাকলে জাতীয়ভাবে এ ধরনের সহিংসতা প্রতিরোধ করা সম্ভব।
বিএনপির এই নেতা আরও বলেন, জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানের চেতনা থেকেই আজকের রাজনৈতিক অগ্রযাত্রা। জনগণের প্রত্যাশা ও আকাঙ্ক্ষাকে সামনে রেখেই ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখা হবে। এ প্রশ্নে কোনো আপস নেই।
আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, অতীতে চট্টগ্রামের ঘটনার পর যথাযথ ব্যবস্থা নেওয়া হলে এমন ঘটনার পুনরাবৃত্তি হতো না। তবু বিএনপি একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে এই হামলার সুষ্ঠু তদন্তে সর্বাত্মক সহযোগিতা করবে।