ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে এবং উভয় ব্যালট একই স্বচ্ছ ব্যালট বাক্সে ফেলতে হবে বলে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। গণভোটের ব্যালট আলাদা করে শনাক্তের সুবিধার্থে গোলাপি রঙের করা হবে, আর জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট থাকবে সাদা।
শনিবার (১৩ ডিসেম্বর) জারি করা ইসির এক পরিপত্রে এ সংক্রান্ত বিস্তারিত দিকনির্দেশনা দেওয়া হয়েছে।
পরিপত্রে জানানো হয়, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে, একই ভোটকেন্দ্র এবং একই ভোটার তালিকা ব্যবহার করে অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট সাদা রঙের হলেও গণনার সুবিধা নিশ্চিত করতে গণভোটের ব্যালট নির্ধারণ করা হয়েছে গোলাপি রঙে। ভোটাররা ভোট প্রদান শেষে সংসদ নির্বাচন ও গণভোট- উভয় ব্যালটই একই স্বচ্ছ ব্যালট বাক্সে ফেলবেন।
ভোটগ্রহণ শেষে ব্যালট বাক্স খোলা হলে সংসদ নির্বাচনের ব্যালট ও গণভোটের ব্যালট আলাদা করে গণনা করা হবে।
গণভোটের মূল প্রশ্নে ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫’ এবং জুলাই জাতীয় সনদে অন্তর্ভুক্ত সংবিধান সংস্কারসংক্রান্ত প্রস্তাবগুলোর প্রতি ভোটারদের সম্মতি চাওয়া হবে। প্রস্তাবিত সংস্কারের মধ্যে রয়েছে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, দুই কক্ষবিশিষ্ট সংসদ গঠন ও উচ্চকক্ষ প্রবর্তন, নারী প্রতিনিধিত্ব বৃদ্ধি, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতকরণ, স্থানীয় সরকার শক্তিশালীকরণ, প্রধানমন্ত্রীর মেয়াদ নির্ধারণ, রাষ্ট্রপতির ক্ষমতা সংশোধনসহ মোট ৩০টি সংস্কার বিষয়।
ইসি জানিয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য নিয়োগপ্রাপ্ত রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসারসহ প্রিসাইডিং ও পোলিং কর্মকর্তারাই গণভোট পরিচালনার দায়িত্ব পালন করবেন।
এর আগে ১১ ডিসেম্বর জারি করা এক গণবিজ্ঞপ্তিতে নির্বাচন কমিশন জানায়, আগামী ১২ ফেব্রুয়ারি একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। ওই দিন সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে।
পোস্টাল ভোটের ক্ষেত্রেও জাতীয় সংসদ নির্বাচনের নিয়ম অনুসারেই গণভোটে ভোট প্রদান করা যাবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।