প্রায় দুই দশকেরও বেশি সময় পর জনপ্রিয় মার্কিন র্যাপার এমিনেমের বিরুদ্ধে অশোভন প্রস্তাব দেওয়ার অভিযোগ সামনে আনলেন ‘টাইটানিক’খ্যাত হলিউড অভিনেত্রী কেট উইনস্লেট। সম্প্রতি একটি টেলিভিশন অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি প্রথমবারের মতো সেই অস্বস্তিকর অভিজ্ঞতার কথা প্রকাশ করেন।
কেট উইনস্লেট জানান, ২০০৪ সালে যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টিভি শো ‘স্যাটারডে নাইট লাইভ’-এ অংশ নেওয়ার সময় এই ঘটনার মুখোমুখি হয়েছিলেন তিনি। দীর্ঘদিন বিষয়টি গোপন রাখলেও সম্প্রতি ‘গ্রাহাম নর্টন শো’-তে অতিথি হয়ে সে সময়ের স্মৃতি তুলে ধরেন অভিনেত্রী।
অনুষ্ঠানে কেট উইনস্লেট বলেন, “আমি এমন একটি ঘটনার কথা বলতে চাই, যা আগে কখনো কাউকে বলিনি। এমিনেম আমাকে বলেছিল ওর লোম কামিয়ে দিতে। আমি সরাসরি জানিয়ে দিয়েছিলাম, আমি এটা করতে পারব না, কারণ আমি আপনার নাপিত নই।”
অভিনেত্রী আরও জানান, ঘটনাটি তাকে তখন বেশ অস্বস্তিতে ফেলেছিল এবং সে কারণেই এতদিন বিষয়টি প্রকাশ্যে আনেননি।
কেট উইনস্লেটের এই অভিযোগ প্রকাশ্যে আসার পর হলিউড অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত এমিনেম কিংবা তার প্রতিনিধির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
উল্লেখ্য, এমিনেম যুক্তরাষ্ট্রের অন্যতম প্রভাবশালী র্যাপার, গীতিকার ও সংগীত প্রযোজক। বিশ্বজুড়ে হিপ-হপ সংগীতকে জনপ্রিয় করে তোলার ক্ষেত্রে তার অবদান ব্যাপকভাবে স্বীকৃত। সেই প্রেক্ষাপটে কেট উইনস্লেটের অভিযোগ ঘিরে বিষয়টি আরও বেশি আলোচনার জন্ম দিয়েছে।