Skip to main content

Ridge Bangla

জার্মান নির্বাচনে রাশিয়ার সাইবার হামলা, বার্লিনের কড়া হুঁশিয়ারি

পশ্চিম ইউরোপের দেশ জার্মানি ২০২৪ সালের বিমান চলাচল নিয়ন্ত্রণ ব্যবস্থা ও ২০২৫ সালের ফেডারেল নির্বাচনকে অস্থিতিশীল করতে রাশিয়া পরিকল্পিত সাইবার হামলা ও অপপ্রচারণা চালিয়েছে বলে আনুষ্ঠানিক অভিযোগ তুলেছে। শুক্রবার (১২ ডিসেম্বর) বার্লিনে এক ব্রিফিংয়ে জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, রুশ সামরিক গোয়েন্দা সংস্থা (জিআরইউ) এর হ্যাকার গ্রুপ ফ্যান্সি বিয়ার গত বছর বিমান চলাচল কর্তৃপক্ষের যোগাযোগ ব্যবস্থা ভেঙে ফেলার চেষ্টা করে। যদিও এই হামলায় ফ্লাইট পরিচালনায় বড় কোনো প্রভাব পড়েনি, তবে এটিকে তারা গুরুত্বপূর্ণ অবকাঠামোর ওপর সরাসরি আঘাত বলে উল্লেখ করেছে।

এছাড়া জার্মান সরকার আরও জানায়, রাশিয়া ‘স্টর্ম ১৫১৬’ নামে একটি অপতৎপরতা চালিয়ে নির্বাচনের আগে ভুয়া ভিডিও, বিকৃত তথ্য ও প্রচারণা ছড়িয়েছে। এর অন্যতম লক্ষ্য ছিল প্রধান দুই প্রার্থী গ্রিন পার্টির রবার্ট হাবেক এবং বর্তমান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জকে বিতর্কে জড়ানো এবং ভোটারদের বিভ্রান্ত করা।

বার্লিনের পক্ষ থেকে আরও বলা হয়েছে, ইউরোপের অংশীদারদের সঙ্গে সমন্বয় করে তারা রাশিয়ার বিরুদ্ধে উপযুক্ত পাল্টা ব্যবস্থা নেবে। এ ঘটনায় রুশ রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে। ইউক্রেন যুদ্ধের পর থেকে রাশিয়ার সঙ্গে জার্মানির সম্পর্কে তীব্র উত্তেজনা বিরাজ করছে। এই সাম্প্রতিক অভিযোগ দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও জটিল করে তুলতে পারে বলে ধারণা বিশ্লেষকদের।

This post was viewed: 45

আরো পড়ুন