Ridge Bangla

কেরানীগঞ্জে ১২ তলা ভবনে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ১২টি ইউনিট

ঢাকার কেরানীগঞ্জের বাবুবাজার এলাকায় একটি ১২ তলা বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৩ ডিসেম্বর) ভোরে জমেলা টাওয়ার নামের ওই ভবনের নিচতলায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একাধিক ইউনিট।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, ভোর ৫টা ৩৭ মিনিটে আগুন লাগার সংবাদ পায় তারা। মাত্র আট মিনিটের মধ্যে, ভোর ৫টা ৪৫ মিনিটে কেরানীগঞ্জ ফায়ার স্টেশনের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে আগুনের ভয়াবহতা বিবেচনায় সদরঘাট ও সিদ্দিকবাজার ফায়ার স্টেশন থেকে আরও ইউনিট পাঠানো হয়। সর্বশেষ তথ্য অনুযায়ী, মোট ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরের দিকে ভবনের নিচতলা থেকে হঠাৎ ঘন ধোঁয়া বের হতে দেখা যায়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হলে স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েন এবং ফায়ার সার্ভিসকে খবর দেন। ভবনটি বাণিজ্যিক কাজে ব্যবহৃত হওয়ায় ভোরে সেখানে লোকজন তুলনামূলক কম থাকায় বড় ধরনের প্রাণহানির আশঙ্কা কম বলে মনে করা হচ্ছে।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন লাগার সুনির্দিষ্ট কারণও তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

This post was viewed: 27

আরো পড়ুন