Skip to main content

Ridge Bangla

তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পুনর্বণ্টন, নতুন দায়িত্ব পেলেন তিন উপদেষ্টা

দুই ছাত্র প্রতিনিধি উপদেষ্টার পদত্যাগের পর সরকার শূন্য হওয়া তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পুনর্বণ্টন করেছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে নতুন করে উপদেষ্টাদের দপ্তর বণ্টনের বিষয়টি জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, আগের মতোই শিল্প মন্ত্রণালয় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা আদিলুর রহমান খান এবার অতিরিক্তভাবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বও পালন করবেন। এর আগে এ দায়িত্বে ছিলেন ছাত্র প্রতিনিধি উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানকে নতুন করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। পূর্বে এ মন্ত্রণালয়ের দায়িত্ব সামলাতেন পদত্যাগী ছাত্র উপদেষ্টা মো. মাহফুজ আলম। রিজওয়ানা হাসান এর আগে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছিলেন। নতুন দায়িত্ব যোগ হলেও পূর্বের দায়িত্ব বহাল রয়েছে।

অন্যদিকে উপদেষ্টা আসিফ নজরুল পেয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব। পদত্যাগী আসিফ মাহমুদের শূন্যপদে তিনি নিয়োগ পেলেন। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা পদও আগের মতোই তাঁর কাছে থাকছে।

বুধবার পদত্যাগ করেন দুই ছাত্র প্রতিনিধি উপদেষ্টা মো. মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তাঁদের পদত্যাগপত্র রাষ্ট্রপতি গ্রহণ করেছেন- এমন আলাদা প্রজ্ঞাপনও জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

This post was viewed: 47

আরো পড়ুন