লক্ষ্মীপুর জেলা নির্বাচন কার্যালয়ের স্টোররুমে গভীর রাতে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার (১২ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক ৪টার দিকে এ ঘটনা ঘটে। তবে দ্রুত তৎপরতায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।
নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, আগুন লাগার বিষয়টি প্রথমে টের পান অফিসের কর্মচারীরা। তারা দ্রুত পানি ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে আগুন ছড়িয়ে পড়ার আগেই পরিস্থিতি স্বাভাবিক করা সম্ভব হয়। কার্যালয়ের সিসিটিভি ফুটেজে দেখা যায়, মুখে মাস্ক পরা এক যুবক গেটের পশ্চিম পাশের দেয়াল টপকে ভেতরে প্রবেশ করে। কিছুক্ষণ পর স্টোররুমের দিক থেকে আগুনের আলো দেখা যায়। এরপর ওই যুবক পুনরায় দেয়াল টপকে কার্যালয় এলাকা ত্যাগ করে। পুরো ঘটনাটি ক্যামেরায় ধরা পড়েছে।
সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ফারুক হোসাইন জানান, দুর্বৃত্ত জানালার কাঁচ ভেঙে বা খুলে ভেতরে পেট্রোল ঢেলে আগুন লাগায়। ঘটনার সময় কার্যালয়ের দারোয়ান হামিম ভেতরে ঘুমিয়ে ছিলেন। আগুনের আঁচ টের পেয়ে তিনি চিৎকার করলে দুর্বৃত্ত দ্রুত পালিয়ে যায়।
অগ্নিকাণ্ডে ২০০৮ ও ২০০৯ সালের ভোটার তালিকার দ্বিতীয় ফরম পুড়ে গেছে। এ ছাড়া একটি অকেজো ডেস্কটপের সিপিইউসহ কিছু পুরোনো সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে গুরুত্বপূর্ণ কোনো নির্বাচনী নথি বা আধুনিক যন্ত্রপাতি অক্ষত রয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. রেজাউল হক বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।