Ridge Bangla

ওসমান হাদিকে গুলি করা সন্ত্রাসীরা শনাক্ত, গ্রেপ্তারের আশ্বাস পুলিশের

রাজধানীর বিজয়নগরে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় দেশজুড়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ অব্যাহত রয়েছে। ঘটনার পরপরই তদন্তে নেমে পুলিশ হামলায় জড়িত সন্ত্রাসীদের শনাক্ত করতে সক্ষম হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

শুক্রবার (১২ ডিসেম্বর) রাত আনুমানিক ১২টার দিকে গণমাধ্যমকে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী জানান, হামলাকারীদের পরিচয় নিশ্চিত করা হয়েছে এবং তাদের গ্রেপ্তারে অভিযান চলছে। যে কোনো সময় অভিযুক্তদের আটক করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এদিকে গুরুতর আহত শরিফ ওসমান হাদিকে পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে তিনি সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা তাঁর অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব ও ঢাকা-৯ আসনের প্রার্থী ডা. তাসনিম জারা জানান, ওসমান হাদির শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল। একটি অস্ত্রোপচার ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং তাঁর গুরুত্বপূর্ণ অঙ্গগুলো স্বাভাবিকভাবে কাজ করছে। নতুন করে বড় কোনো অস্ত্রোপচারের প্রয়োজন নাও হতে পারে বলে তিনি আশা প্রকাশ করেন।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পরদিন শুক্রবার দুপুরে বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় নির্বাচনী প্রচারণার সময় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি চালায়। গুলি তাঁর মাথায় আঘাত করে।

This post was viewed: 33

আরো পড়ুন