সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রকাশিত নতুন জাতীয় নিরাপত্তা কৌশলকে নিজেদের দৃষ্টিভঙ্গির সঙ্গে বেশিরভাগ ক্ষেত্রে সঙ্গতিপূর্ণ বলে স্বাগত জানিয়েছে রাশিয়া। গত সপ্তাহে প্রকাশিত ৩৩ পৃষ্ঠার এই নথিতে ইউরোপ সভ্যতার বিলুপ্তির ঝুঁকিতে রয়েছে বলা হলেও রাশিয়াকে মার্কিন হুমকি হিসেবে উল্লেখ করা হয়নি, যা কৌশলগতভাবে বড় পরিবর্তন বলে বিশ্লেষকদের মত।
ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ রুশ সংবাদ সংস্থা টাসকে বলেন, “ওয়াশিংটনের যে সমন্বয়গুলো দেখা যাচ্ছে, তা আমাদের দৃষ্টিভঙ্গির সঙ্গে যথেষ্ট মিল রয়েছে। এটি ইতিবাচক পদক্ষেপ।”
কৌশল নথিতে ইউরোপীয় ইউনিয়নের সেন্সরশিপ, গণ-অভিবাসন এবং রাজনৈতিক প্রভাব প্রতিরোধকে গুরুত্ব দেওয়া হয়েছে। ইউরোপের কিছু কর্মকর্তা একে ক্রেমলিন ভাষার প্রতিধ্বনি বলে সমালোচনা করেছেন। তাঁদের আশঙ্কা, রাশিয়ার প্রতি মার্কিন নরম অবস্থান ইউক্রেন যুদ্ধে পশ্চিমা অবস্থান দুর্বল করতে পারে।
নথিতে আরও দাবি করা হয়েছে, ইউরোপ ২০ বছরের মধ্যে পরিচয় সংকটে পতিত হবে এবং এর দুর্বল অর্থনীতি মিলিটারি কাঠামোর কারণে যুক্তরাষ্ট্রের বিশ্বস্ত মিত্র হিসেবে টিকে থাকা অনিশ্চিত। তবে ইউরোপজুড়ে দেশপ্রেমিক রাজনৈতিক দলগুলোর উত্থানকে উৎসাহ দিয়েছে ওয়াশিংটন।
জার্মান, পোল্যান্ড ও সুইডেনসহ বেশ কয়েকটি দেশের নেতারা যুক্তরাষ্ট্রকে গুরুত্বপূর্ণ মিত্র হিসেবে বর্ণনা করলেও নথিটির ভাষা ও উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন।