দুর্নীতি দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির লাগাম টেনে ধরার সক্ষমতা একমাত্র বিএনপিরই রয়েছে দাবি করে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অতীতে বিএনপি সরকারই দেশকে সুশাসন ও শৃঙ্খলার পথে ফিরিয়ে এনেছিল। ভবিষ্যতেও সেই দায়িত্ব বিএনপি সফলভাবে পালন করতে পারবে।
রোববার (৭ ডিসেম্বর) রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউটে আয়োজিত ‘৭ দিনব্যাপী কর্মসূচি: বিএনপির দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক অনুষ্ঠানের সমাপনীতে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তারেক রহমান বলেন, ২০০১–২০০৬ সালে বিএনপি জোট সরকার দুর্নীতি প্রতিরোধে এবং আইনশৃঙ্খলা উন্নয়নে যে সাফল্য দেখিয়েছে, তা অতীতের দলগুলোর তুলনায় অনন্য। দেশে আইন-শৃঙ্খলা বাহিনীর সক্ষমতা বাড়াতে বিভিন্ন শক্তিশালী ইউনিট গঠন করা হয়েছিল, যা পরবর্তী স্বৈরাচারী সরকার রাজনৈতিক উদ্দেশ্যে অপব্যবহার করে ফলে পুরো ব্যবস্থাই ভেঙে পড়ে।
তিনি বলেন, স্বাধীনতার পর বিভিন্ন রাজনৈতিক সংকটের সময় জনগণ বিএনপির ওপর আস্থা রেখেছে এবং দায়িত্ব দিলে বিএনপি সবসময়ই অবস্থা বদলে দেখিয়েছে। এখন যখন জাতি নতুন নির্বাচনের অপেক্ষায়, তখন প্রায় ১৬ বছরের স্বৈরশাসন দেশকে কোথায় নিয়ে গেছে তা প্রতিটি মানুষ নিজের জীবনে অনুভব করছে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, জনগণই সব রাজনৈতিক ক্ষমতার উৎস। তাই জনগণের মতামতই হবে বিএনপির পথনির্দেশক। বাকস্বাধীনতা রুদ্ধ থাকা সত্ত্বেও বিএনপি জনগণের সামনে জাতীয় পুনর্গঠনের ‘৩১ দফা সংস্কার প্রস্তাব’ উপস্থাপন করেছিল যা দেশে ইতিবাচক প্রত্যাশা সৃষ্টি করেছে। তিনি বলেন, সামনে কঠিন সময় ও নানা ষড়যন্ত্র অপেক্ষা করছে। এসব মোকাবিলার একমাত্র উপায় “গণতন্ত্র, গণতন্ত্র এবং গণতন্ত্র।” জনগণের মতামত প্রতিষ্ঠা করতে পারলেই সব ষড়যন্ত্র প্রতিহত হবে।