Ridge Bangla

ফ্যাসিজমের ছায়া কাটেনি: জামায়াত আমির

ফ্যাসিস্টরা দেশ থেকে সরে গেলেও ফ্যাসিজমের কালো ছায়া এখনো কাটেনি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, একদল অপকর্ম করে পালিয়েছে, আরেকদল সেই অপকর্মের দায় কাঁধে তুলে নিয়েছে। কেউ চাঁদাবাজি করে জনগণের ক্ষোভের কারণ হয়েছেন, আবার কেউ আরও বেশি শক্তি নিয়ে একই কাজ চালাচ্ছেন।

শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে সিলেটের আলিয়া মাদরাসা মাঠে জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোট আয়োজন, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা এবং ৫ দফা দাবিতে আন্দোলনরত ৮ দলের উদ্যোগে অনুষ্ঠিত বিভাগীয় সমাবেশে এসব কথা বলেন তিনি।

ডা. শফিকুর রহমান আরও বলেন, “একটি রাজনৈতিক দল এখন ভিন্ন শুরু কথা বলছে। তারা জনগণের লাল কার্ড দেখানো এড়িয়ে ক্ষমতায় যাওয়ার অপচেষ্টা করছে। স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে গেলেও জনগণ সম্মানের সঙ্গে মাথা উঁচু করে দাঁড়াতে পারেনি। বর্গিরা চলে যাওয়ার পরও যারা সুযোগ পেয়েছে, তারা সম্পদ লুট করে বিদেশে পাচার করেছে।” তিনি দাবি করেন, একদল দখলদার জনগণের ঘৃণা কুড়িয়েছে, আরেকদল বেপরোয়া দখলদার হিসেবে আবির্ভূত হয়েছে। বিরোধী নেতাদের, আলেম–ওলামাদের উপর যে নির্যাতনের প্রবণতা ছিল, তা এখনও থামেনি।

ডা. শফিকুর রহমান বলেন, “আমরা কোনো বিশেষ দলের বিজয় চাই না, ৮ দলের বিজয়ও চাই না। আমরা চাই বাংলাদেশের ১৮ কোটি মানুষের আকাঙ্ক্ষার বিজয় কোরআনের আইনের মাধ্যমে। গ্রাম থেকে বিজয়ের বাঁশি বাজানো হবে। আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ।”

This post was viewed: 34

আরো পড়ুন