Ridge Bangla

বাংলাদেশের সঙ্গে স্থিতিশীল ও সমতাভিত্তিক সম্পর্ক চায় ভারত

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেছেন, ভারত বাংলাদেশের সঙ্গে সমতা, পারস্পরিক শ্রদ্ধা ও আস্থার ভিত্তিতে একটি স্থিতিশীল, ইতিবাচক, গঠনমূলক ও দূরদর্শী সম্পর্ক চায়, যেখানে উভয় দেশের জনগণই হবে প্রধান অংশীদার। শনিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর ভারতীয় সাংস্কৃতিক কেন্দ্রে মৈত্রী দিবসের ৫৪তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

হাইকমিশনার বলেন, মৈত্রী দিবস ভারত–বাংলাদেশ বন্ধুত্বের ইতিহাসে এক অনন্য মাইলফলক, যা কখনোই মুছে যাবে না। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, দুই দেশই অতীতের যৌথ ত্যাগকে প্রেরণা হিসেবে এবং ভবিষ্যতের নতুন আকাঙ্ক্ষাকে সামনে রেখে একসঙ্গে কাজ করবে, যাতে দুই দেশের মানুষের প্রত্যাশা পূরণ হয় এবং পারস্পরিক সম্পর্ক আরও ঘনিষ্ঠ ও সুদৃঢ় হয়।

উল্লেখ্য, মৈত্রী দিবস স্মরণ করে ১৯৭১ সালের সেই ঐতিহাসিক দিনটিকে, যে দিনটিতে ভারত বাংলাদেশকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। মুক্তিযুদ্ধের প্রতি ভারতের সমর্থনের অন্যতম গুরুত্বপূর্ণ নিদর্শন হিসেবে দিনটি ইতিহাসে স্মরণীয় হয়ে আছে।

This post was viewed: 24

আরো পড়ুন