মাদারীপুর-১ (শিবচর) আসনে বিএনপির মনোনয়ন না পাওয়ার প্রতিবাদে শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কামাল জামান মোল্লার নেতৃত্বে শুক্রবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় মশাল মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
হাতির বাগান মাঠে শুরু হওয়া সভায় নারী-পুরুষসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। পরে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা বিএনপি কার্যালয়ে এসে শেষ হয়। মশাল মিছিলে শিবচর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. শাহজাহান মিয়া সাজু মোল্লা, পৌর বিএনপির সদস্য সচিব আজমল হোসেন সেলিম হুদাসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তৃতাকালে কামাল জামান মোল্লা বলেন, আমি দীর্ঘদিন ধরে মাঠে থেকে দলের জন্য কাজ করেছি। দল আমাকে মনোনয়ন দিয়েছিল, কিন্তু কিছু কুচক্রী মহলের ষড়যন্ত্রের কারণে তা স্থগিত করা হয়েছে। তবুও দলের নির্দেশনা মেনে আমি সব কর্মসূচিতে অংশগ্রহণ করেছি। গতকাল দল আমাকে বাদ দিয়ে এমন একজনকে মনোনয়ন দিয়েছে, যিনি কখনো কোনো মিছিল-মিটিংয়ে অংশগ্রহণ করেননি।
তিনি আরও বলেন, “আমি দলের হাই কমান্ডের কাছে অনুরোধ জানাচ্ছি, আমার মনোনয়ন পুনর্বহাল করার জন্য দ্রুত সিদ্ধান্ত নেওয়া হোক। আমি সর্বদা দলের স্বার্থে কাজ করতে প্রস্তুত আছি।”