ভূমিকম্প, অগ্নিকাণ্ড ও বিভিন্ন দুর্যোগ মোকাবিলায় বিশেষজ্ঞদের মতামত ও পরামর্শ গ্রহণের উদ্দেশ্যে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর গঠিত ‘স্থায়ী বিশেষজ্ঞ প্যানেল’-এর সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেখানে বিশেষজ্ঞরা উল্লেখ করেন, দেশের বেশির ভাগ সরকারি ভবনই ভূমিকম্পে উচ্চ ঝুঁকিতে রয়েছে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বুধবার (০৩ ডিসেম্বর) দুপুর ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত অধিদপ্তরের সম্মেলন কক্ষে সেমিনারটি অনুষ্ঠিত হয়। এতে দেশের খ্যাতনামা প্রকৌশলী, স্থপতি, শিক্ষক, গণমাধ্যম প্রতিনিধি ও দুর্যোগ বিশেষজ্ঞরা অংশগ্রহণ করেন।
সেমিনারের উদ্বোধন করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল। অধিদপ্তরের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বিষয়ভিত্তিক মূল প্রবন্ধ উপস্থাপন করেন। মহাপরিচালক ফায়ার সার্ভিসের বর্তমান সক্ষমতা, ভূমিকম্প-ঝুঁকি মোকাবিলায় গৃহীত পদক্ষেপ, উচ্চ ঝুঁকিপূর্ণ ভবন শনাক্তকরণ, নগরায়ন ও শিল্পায়নের চ্যালেঞ্জ এবং রাসায়নিক ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত বক্তব্য রাখেন।
বিশেষজ্ঞরা বলেন, উন্নত দেশের তুলনায় বাংলাদেশে ফায়ার সার্ভিসের স্টেশন সংখ্যা ও জনবল এখনও সীমিত। তাই নগরকেন্দ্রিক ফায়ার স্টেশন ও বিদ্যমান সক্ষমতা বৃদ্ধি অতীব জরুরি। পাশাপাশি ওয়াসার পাম্প স্টেশনে ফায়ার ব্রিগেড কানেকশন স্থাপন, স্বেচ্ছাসেবক সংখ্যা বৃদ্ধি, নিয়মিত মহড়া ও প্রশিক্ষণ, শিক্ষাপ্রতিষ্ঠানে দুর্যোগ সচেতনতা বৃদ্ধি এবং আবাসিক এলাকা থেকে রাসায়নিক গুদাম সরানোর পরামর্শ দেওয়া হয়।
সেমিনারে বিশেষজ্ঞরা ভবিষ্যতে স্থায়ী বিশেষজ্ঞ প্যানেলকে নিয়মিত গবেষণা, নীতিমালা প্রণয়ন ও কারিগরি পরামর্শ প্রদানে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক আশা প্রকাশ করেন, প্যানেলের কার্যক্রম দেশের দুর্যোগ ব্যবস্থাপনাকে আধুনিক, তথ্যনির্ভর ও বৈজ্ঞানিক পর্যায়ে এগিয়ে নিতে বড় ভূমিকা রাখবে।
সভায় বক্তব্য দেন খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. মাকসুদ হেলালী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জিল্লুর রহমান, সাবেক মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু নাঈম মো. শাহিদউল্লাহ (অব.), ব্রিগেডিয়ার জেনারেল আলী আহম্মেদ খান (অব.), স্থপতি ইকবাল হাবিব এবং একুশে টিভির নির্বাহী সম্পাদক হারুন উর রশীদ। এছাড়াও, অনলাইন প্ল্যাটফর্মে যুক্ত ছিলেন ফায়ার সার্ভিসের বিভিন্ন জেলা ও বিভাগীয় কর্মকর্তারা।